দুই পরিবর্তন নিয়ে উত্তর কোরিয়ার মুখোমুখি বাংলাদেশ

নারী এশিয়ান কাপে এবারই প্রথম খেলছে বাংলাদেশএএফপি

নারী এশিয়ান কাপের মঞ্চে আজ আর কিছুক্ষণ পর এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শক্তিশালী চীনের বিপক্ষে প্রথম ম্যাচে ২-০ গোলে হেরে গেলেও মাঠের লড়াইয়ে দুর্দান্ত প্রতিরোধ গড়েছিল লাল-সবুজের দল। সেই আত্মবিশ্বাসকে পুঁজি করে আজ বাংলাদেশ সময় সকাল আটটায় (সিডনির সময় বেলা ১টা) ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে তিনবারের এশিয়ান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল।

আজকের গুরুত্বপূর্ণ এ ম্যাচে নিজেদের কৌশলে পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। চীনের বিপক্ষে রক্ষণাত্মক কৌশলে পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেললেও উত্তর কোরিয়ার বিপক্ষে আক্রমণভাগ শক্তিশালী করার দিকেই বেশি নজর দিয়েছেন বাটলার। একাদশ থেকে বাদ পড়েছেন ডিফেন্ডার শিউলি আজিম ও মিডফিল্ডার উমেলাহ মারমা। তাঁদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মিডফিল্ডার আইরিন খাতুন ও ফরোয়ার্ড তহুরা খাতুন। চার ডিফেন্ডারের এই নতুন ফরমেশন পরিষ্কার করে দিচ্ছে, রক্ষণ সামলানোর পাশাপাশি প্রতিপক্ষকে পাল্টা আক্রমণে চেপে ধরাই বাংলাদেশের লক্ষ্য।

বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার
এএফপি

গোলপোস্টের নিচে অভিজ্ঞ রুপনা চাকমার বদলে গত ম্যাচে উচ্চতা বিবেচনায় সুযোগ পাওয়া মিলি আক্তার অসাধারণ নৈপুণ্য দেখিয়ে কোচের মন জয় করেছেন। ফলে দ্বিতীয় ম্যাচেও তাঁর ওপরই আস্থা রেখেছেন বাটলার। রক্ষণভাগে দলের হাল ধরবেন শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু ও নবীরন খাতুন।

অন্যদিকে মাঝমাঠ ও আক্রমণভাগে মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়রদের সঙ্গে আইরিন ও তহুরার অন্তর্ভুক্তি দলের গতি বাড়াবে বলে আশা করা হচ্ছে। শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে গোল হজম না করা এবং পাল্টা আক্রমণে গোল আদায় করে নেওয়াই আজ বাংলাদেশের মেয়েদের মূল লক্ষ্য।

বাংলাদেশের একাদশ:

গোলরক্ষক: মিলি আক্তার।

ডিফেন্ডার: শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, নবীরন খাতুন।

মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, আইরিন খাতুন।

ফরোয়ার্ড : শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।