ভারতকে সম্মান করেই খেলবে ব্রাজিল, বললেন আনচেলত্তি

সংবাদ সম্মেলনে ভারত ও ব্রাজিল কোচএআইএফএফ

কলকাতার সল্ট লেক স্টেডিয়াম। আলোঝলমল এক রাতের অপেক্ষা। যেখানে মুখোমুখি হবে ফুটবল ইতিহাসের এক পরাশক্তি আর ক্রিকেটের পরাশক্তি হিসেবে পরিচিত এক ফুটবলপ্রেমী দেশ।

প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ভারত। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বললেন, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ভারতকে নিয়ে ব্রাজিল কোচের কণ্ঠে সতর্কতা, ‘ভারতীয় দলকে আমরা সম্মান করি। তারা পানামার সঙ্গে ভালো ড্র করেছে। প্রতিপক্ষ হিসেবে তাদের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে।’

বিশ্ব ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা র‍্যাঙ্কিংয়ে পঞ্চম। বিপরীতে ভারতের অবস্থান ১৩৮ নম্বরে। কিন্তু র‍্যাঙ্কিংয়ের ফারাকই সব নয়। কারণ, গত সপ্তাহে ৪৪ নম্বরে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভারত।

আগামীকালের ম্যাচে ব্রাজিল নামবে তারকায় ভরা দল নিয়ে। আক্রমণে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র। দলে আছেন পিএসজি অধিনায়ক মার্কিনিওস, আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস ও ব্রুনো গিমারাইস। তবে ঊরুর চোটের কারণে খেলতে পারছেন না রাফিনিয়া।

ভারত মূলত ক্রিকেটেরই দেশ। ফুটবল বিশ্বকাপে এখনো খেলার সুযোগ পায়নি। তবু ফুটবলের টান কম নয়। বিশেষ করে কলকাতা আর কোচিতে। আনচেলত্তিও বললেন, ‘ক্রিকেট তাদের সংস্কৃতির অংশ। ফুটবল সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা নয়। কিন্তু তারা ফুটবল ভালোবাসে না, এমন নয়। আমরা এখানে এসে খুশি। যারা ম্যাচটি দেখার সুযোগ পাবে, তাদের সামনে নিজেদের মান দেখাতে চাই। আশা করি, এটি হবে দারুণ এক রাত।’

কলকাতায় অনুশীলনে ভিনিসিয়ুস জুনিয়ররা
এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে ভারতে এসেছে ব্রাজিল। জুলাইয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায়ের ধাক্কা কাটিয়ে উঠতে চাইছে দলটি। আনচেলত্তির কথা, ‘বিশ্বকাপে আমরা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। সময়টা কঠিন ছিল। তবে নতুন প্রজন্মের জন্য এটি নতুন করে শুরু করার সুযোগ। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে এসব ম্যাচ আমাদের জন্য ভালো প্রস্তুতি। নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগও।’

ব্রাজিল অধিনায়ক মার্কিনিওসের চোখে ভারতের দর্শকই বড় শক্তি। দক্ষিণ এশিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিভাজন অনেক দিনের। ভারতের ব্রাজিল সমর্থকদের নিয়ে মার্কিনিওস বলেছেন, ‘ব্রাজিলের বাইরে ভারত এমন একটি দেশ, যেখানে পুরো দলের জন্য সবচেয়ে বড় সমর্থন পাওয়া যায়।’

ভারত কোচ খালিদ জামিল মঞ্চে এসেছেন আনচেলত্তির পর। তাঁকে দেখে আলিঙ্গন করেন ব্রাজিল কোচ। ভারত কোচ জামিল বলেছেন, ‘ম্যাচে চাপ থাকবে। তবে সেটি সামলাতে হবে। দায়িত্ব নিতে হবে। নিজের সেরাটা দিতে পারলে, যেকোনো কিছুই সম্ভব।’

আরও পড়ুন