আর্সেনাল ৩–০ ফুলহাম
নিজেদের কাজটা করে রাখল আর্সেনাল। ফুলহামকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির চেয়ে এগিয়ে গেল ৬ পয়েন্টে। সিটির চেয়ে অবশ্য দুটি ম্যাচ বেশি খেলেছে গানাররা। ৩৫ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৬। ৩৩ ম্যাচে সিটির ৭০। সোমবার রাতে এভারটনের বিপক্ষে পরের ম্যাচ গার্দিওলার দলের।
আর্সেনাল আজ জয় নিশ্চিত করে ফেলে প্রথমার্ধেই। ৩টি গোলই হয়ে ওই অর্ধে। ৯ মিনিটেই গানাররা এগিয়ে যায় ভিক্টর ইয়োকেরেসের গোলে। বুকায়ো সাকার নিখুঁত পাস থেকে গোলটি করেছেন সুইডিশ স্ট্রাইকার।
গোলে সহায়তা করার পর ৪০ মিনিটে নিজেই স্কোরশিটে নাম লেখান সাকা। এবার ইয়োকেরেস বাড়ানো বলে কোনাকুনি শটে বল জালে জড়ান এই ইংলিশ ফরোয়ার্ড।
প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তৃতীয় গোলটি পেয়ে যায় আর্সেনাল। লিয়ান্দ্রো ত্রোসারের বাড়ানো ক্রস খুঁজে নেয় ইয়োকেরেসের মাথা। হেডে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান ইয়োকেরেস।
৬৪ মিনিটে ইয়োকেরেসকে উঠিয়ে নেন আরতেতা। চেষ্টা করেও আর গোল দেখা পায়নি আর্সেনালও।
লিগে আর্সেনালের পরের ম্যাচ ১০ মে, প্রতিপক্ষ ওয়েস্ট হাম। এর আগে মঙ্গলবার রাতে ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে মিকেল আরতেতার দলটি। মাদ্রিদে প্রথম লেগটি ড্র হয়েছে ১-১ গোলে।