মেসির ‘সব ভুলে যাও’ ভাষণ নিয়ে জল্পনা, অবশেষে ম্যাক আলিস্টারের সূত্রে যা জানা গেল
বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থদের উদ্দেশে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে দুই দিন ধরে তুমুল আলোচনা চলছে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও দেখে অনেকেরই ধারণা, ফাইনালের আগে হয়তো দলের ভেতরে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল কিংবা বাইরে থেকে কোনো চাপ ছিল।
এবার আর্জেন্টিনা দলের মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের সূত্রে এ বিষয়ে একটি ব্যাখ্যা পাওয়া গেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম এল নাসিওন জানিয়েছে, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে ছেলেকে বার্তা পাঠিয়েছিলেন আালেক্সিসের বাবা কার্লোস ম্যাক আলিস্টার। তিনি আলেক্সিসের কাছ থেকে জানতে পারেন, মেসির কথার অর্থ মোটেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা ব্যাখ্যার মতো ছিল না।
ফাইনালের আগে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় সতীর্থদের উদ্দেশে মেসি বলছেন, ‘চলো সবাই। শান্ত থাকো, শান্ত থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শান্ত থাকি। সবকিছু ভুলে যাই। শুধু খেলি। শুধু খেলাটার কথাই ভাবি।’
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেক সমর্থক প্রশ্ন তুলেছিলেন, ঠিক কী ‘ভুলে যেতে’ বলছিলেন আর্জেন্টিনা অধিনায়ক? ফাইনালের আগে কি দলের ভেতরে কোনো সমস্যা হয়েছিল? নাকি স্পেনের পক্ষ থেকে রেফারিং নিয়ে অভিযোগ, বাইরের সমালোচনা কিংবা অন্য কোনো বিষয়কে ইঙ্গিত করেছিলেন তিনি?
রেডিও লা রেদকে দেওয়া সাক্ষাৎকারে কার্লোস ম্যাক আলিস্টার বলেন, তিনিও শুরুতে একই প্রশ্ন করেছিলেন, ‘আমি আলেক্সিসকে বার্তা পাঠিয়ে জিজ্ঞাসা করেছিলাম, কী হয়েছিল? ড্রেসিংরুমে কোনো ঘটনা ঘটেছিল? আমি নিজেও উদ্বিগ্ন ছিলাম। আমি যদি এমনটা ভেবে থাকি, তাহলে অন্যরা কী ভেবেছে, সেটা সহজেই বোঝা যায়।’
এরপর ছেলে কী উত্তর দিয়েছিলেন, সেটি জানিয়ে কার্লোস ম্যাক আলিস্টার বলেন, ‘সে আমাকে বলেছে, না। ওরা ফুটবলের বিষয়েই কথা বলছিল। অর্থাৎ, মাঠে নেমে খেলতে হবে, পাস দিতে হবে, বল ঘোরাতে হবে, ত্রিভুজ তৈরি করতে হবে। অকারণে লম্বা বল খেলবে না বা বল নষ্ট করবে না—এটাই বোঝানো হয়েছিল।’
কার্লোসের মতে, ভিডিওর ছোট্ট একটি অংশ ছড়িয়ে পড়ায় সেটিকে ঘিরে অপ্রয়োজনীয় জল্পনা তৈরি হয়েছে, ‘এরপরই নানা সন্দেহ তৈরি হয়। কয়েক দিন ধরে অনেকেই আমাকে লিখেছেন, নানা রকম ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু বাস্তবতা হলো, সে দিন স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে।’
কার্লোস আরও বলেন, ‘কখনো কখনো মেনে নিতে হয় যে প্রতিপক্ষ আপনার চেয়ে ভালো ছিল। তার মানে এই নয় যে আমাদের দল সর্বোচ্চ চেষ্টা করেনি। ছেলেরা সর্বস্ব দিয়েছিল, কিন্তু সেদিন স্পেনই ভালো খেলেছে।’