ইয়ামালের রেকর্ডের রাতে ভুল নিয়ে আক্ষেপ জাভির

রেকর্ড গড়া গোলের পর ইয়ামালের উদ্‌যাপনছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের ২৯ মিনিট না যেতেই জারাগোজা মার্তিনেজের জোড়া গোলে ২–০ ব্যবধানে পিছিয়ে বার্সেলোনা। যার একটি এসেছে আবার ম্যাচের প্রথম মিনিটেই। এ সময় লা লিগায় মৌসুমের প্রথম হারটিও যেন চোখ রাঙাচ্ছিল। তবে বিরতিতে যাওয়ার আগমুহূর্তে এক গোল শোধ করে ব্যবধান ২–১ করেন লামিন ইয়ামাল। এই গোলে লা লিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকাতেও নাম লিখিয়েছে ইয়ামাল।

১৬ বছর ৮৭ দিনে লা লিগায় নিজের প্রথম গোলটি করে এই টিনএজার। এত দিন রেকর্ডটি ছিল ফেব্রিক ওলিঙ্গার দখলে। যিনি ২০১২ সালে মালাগার হয়ে ১৬ বছর ৯৮ দিনে গোল করেছিল। গ্রানাদা যখন জয়ের স্বপ্ন দেখছিল, তখন সেই স্বপ্ন ভেঙে ৮৫ মিনিটে গোল করে বার্সার জন্য এক পয়েন্ট নিশ্চিত করেন সের্হি রবার্তো। ম্যাচ শেষ হয় ২–২ গোলে ড্রয়ে। এ ড্রয়ের পর ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠল বার্সা।

আরও পড়ুন

গ্রানাদার মাঠে এদিন শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সা। একের পর এক আক্রমণে স্বাগতিকদের কাঁপিয়ে দেয় তারা। ৮১ শতাংশ বলের দখল রেখে বার্সা এদিন শট নেয় ২২টি, যার ১০টি ছিল লক্ষ্যে। অন্য দিকে মাত্র ১৯ শতাংশ বলের দখল রেখে গ্রানাদা ৭টি শট নিলেও ২টির বেশি লক্ষ্যে রাখতে পারেনি। কিন্তু বার্সার এমন দাপুটে ফুটবল আরেকটু হলে পুরোপুরিই ব্যর্থ হয়ে যেত। মূলত ফিনিশিংয়ের অভাবেই এমন ভুগতে হয়েছিল দলটিকে।

ম্যাচ শেষে যা নিয়ে ক্ষোভের কথাও জানিয়েছেন জাভি। বার্সা কোচ বলেছেন, ‘আমার মনে হয় আমরা ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছি। আমরা যথেষ্ট সুযোগ পেয়েছি এবং আমাদের আরও গোল প্রাপ্য ছিল। কিন্তু নিজেদের ভুলের কারণে পারিনি। ম্যচের ৩০ সেকেন্ড না যেতেই আমরা যেন হেরে বসে আছি। এরপর দ্বিতীয় গোল খেলাম। তবে শেষ পর্যন্ত জয়টা আমাদের প্রাপ্য ছিল। আর আমরা এভাবে মাঠে খেলতে যেতে পারি না।’

বার্সার গোল উদ্‌যাপন
ছবি: এএফপি

এদিন শেষ মুহূর্তে জোয়াও ফেলিক্সের বাতিল হওয়া গোল নিয়েও কথা বলেছেন জাভি। এই গোলে রেফারির সিদ্ধান্ত নিয়ে হতাশা প্রকাশ করেছে বার্সা কোচ বলেছেন, ‘রেফারি জোয়াওর গোলটি বাতিল করেছে, আমরা মনে হয় সে গোলটি দিতে পারত। আর আমার মনে হয় না ফেরান তোরেস এই গোলের সময় হস্তক্ষেপ করেছে। সে লাফ না দিলেও বল সে জায়গাতেই যেত।’

এ সময় লামিন ইয়ামাল ঐতিহাসিক গোলটি নিয়েও এ সময় কথা বলেছেন জাভি, ‘আমি তার ঐতিহাসিক গোলটির জন্য আনন্দিত। এটা আমাদের অনেক উপকার করেছে। আজ সে খুবই গুরুত্বপূর্ণ একটি গোলও করেছে।’

আরও পড়ুন

এর আগে গত এপ্রিলে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নেমে বার্সার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের তালিকায় নাম লেখায় ইয়ামাল। এরপর গত আগস্টে গাভিকে দিয়ে গোল করিয়ে লা লিগায় সবচেয়ে কম বয়সে ‘অ্যাসিস্ট’ (গোল করানো) করা খেলোয়াড় হয়েছে ইয়ামাল। ১৬ বছর ৪৫ দিন বয়সী ইয়ামাল পেছনে ফেলেছে সতীর্থ আনসু ফাতির রেকর্ড। ২০১৯ সালের সেপ্টেম্বরে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ১৬ বছর ৩১৮ দিন বয়সে সতীর্থকে দিয়ে গোল করিয়েছিলেন ফাতি। আর গত মাসে স্পেনের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকাতেও নাম লিখিয়েছেন ইয়ামাল।

আরও পড়ুন

একই রাতের লিগ ‘আঁ’র ম্যাচে রেঁনেকে ৩–১ গোলে হারিয়েছে পিএসজি। টানা দুই হারের পর এ জয়টি পেল প্যারিসের ক্লাবটি। এ জয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে উঠে এসেছে পিএসজি। ৮ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৩।