আর্জেন্টাইন ক্লাবের বিশ্ব রেকর্ড এখন রোনালদোর দলের
হোসে ম্যানুয়েল মোরেনো ফার্নান্দেজ। লোকে ডাকত ‘এল চারো’ বা ‘কাউবয়’। প্রথম ফুটবলার হিসেবে চারটি দেশে জিতেছিলেন প্রথম বিভাগের লিগের শিরোপা। কারও কারও চোখে পেলে, ডিয়েগো ম্যারাডোনা, আলফ্রেডো ডি স্টেফানোদের চেয়েও এগিয়ে। ফুটবলের একটু বয়স্ক সমর্থকদের মনে পড়তে পারে, চল্লিশের দশকে রিভার প্লেটের সেই কিংবদন্তিতুল্য ‘লা মাকিনা’ দলের সদস্য তিনি। সোজা কথায়, আর্জেন্টাইন ফুটবলের কিংবদন্তি।
আর্জেন্টিনার হয়ে দুইবার কোপাজয়ী সাবেক এই ইনসাইড ফরোয়ার্ডকে লোকে অন্য কারণেও মনে রেখেছে। কিংবদন্তি আছে, তাঁকে গোলবঞ্চিত রাখতে পারলে গোলরক্ষককে স্বর্ণপদক দেওয়ার ঘোষণা দিয়েছিল স্থানীয় পত্রিকা। আরও গুঞ্জন ছিল, শটে জোর বাড়াতে বুটে লোহা ব্যবহার করতেন। তবে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের বছর প্রয়াত হওয়া মোরেনোকে এখন টেনে তোলার কারণটা হুট করে নয়। আল নাসর ও ক্রিস্টিয়ানো রোনালদোর তাতে ভূমিকা আছে।
সৌদি প্রো লিগে গত পরশু আল খালিজের মাঠে ১–১ গোলে ড্র করে আল নাসর। এর মধ্য দিয়ে ভেঙেছে ৮৭ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড। সেটা ঘরোয়া শীর্ষ লিগে টানা সর্বোচ্চ ম্যাচে গোলের। ত্রিশের দশকের শেষ দিক থেকে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের দখলে ছিল রেকর্ডটি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘এল গ্রাফিকো’ জানিয়েছে, ১৯৩৬ সালের ১৩ সেপ্টেম্বর থেকে ১৯৩৯ সালের ৪ জুন পর্যন্ত স্থানীয় লিগে টানা ৯৩ ম্যাচে গোল করেছিল রিভার প্লেট। গোলসংখ্যা ৩০১। মোরেনো ১৯৩৫ থেকে ১৯৪৪ পর্যন্ত খেলেন রিভার প্লেটে। জুটি বাঁধেন চল্লিশের দশকের আরেক কিংবদন্তি ইনসাইড ফরোয়ার্ড অ্যাডলফো পেদেরনেরার সঙ্গে, লোকে যাঁকে ডাকত ‘এল মায়েস্ত্রো’ নামে। সে যাহোক, ২০১৭ সালে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’ তাদের প্রতিবেদনে জানায়, রিভার প্লেটের লিগে টানা সর্বোচ্চ ম্যাচে গোলের বিশ্ব রেকর্ড গড়ায় সর্বোচ্চ ৭৭ গোল ছিল মোরেনোর।
আর্জেন্টাইন ক্লাবের সেই বিশ্ব রেকর্ড আল নাসরের ছোঁয়ায় অবদান রোনালদোর। ৯ সেপ্টেম্বর প্রো লিগে আবহার বিপক্ষে আল নাসরের ২–১ গোলের জয়ে প্রথম গোলটি ছিল পর্তুগিজ কিংবদন্তির। এর মধ্য দিয়ে রিভার প্লেটের বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেলে আল নাসর। তারপর গত শনিবার আল খালিজের বিপক্ষে সৌদি ফরোয়ার্ড আবদুল্লাহ আল-হামদানের গোলে রেকর্ডটির একক দখল নেয় ক্লাবটি। ২০২৩ সালের ৮ ডিসেম্বর আল-রিয়াদকে ৪–১ গোলে হারিয়ে শুরু হয়েছিল আল নাসরের লিগে টানা ম্যাচে গোলের অভিযাত্রা।
‘এল গ্রাফিকো’ জানিয়েছে, লিগসহ অন্য সব অফিশিয়াল ম্যাচ হিসাবে নিলে রিভার প্লেটের একটি রেকর্ড এখনো টিকে আছে। সেই সময় স্থানীয় টুর্নামেন্ট ও কাপ মিলিয়ে টানা ৯৬টি ম্যাচে গোল করেছিল রিভার প্লেট। এটি টানা সর্বোচ্চ অফিশিয়াল ম্যাচে গোলের বিশ্ব রেকর্ড। এই সময়ে ৯৩টি লিগ ম্যাচ, পেনিয়ারোলের বিপক্ষে এএফএ ও এইউএফের দ্বিপক্ষীয় প্রতিযোগিতায় দুটি ম্যাচ এবং রোজারিও সেন্ট্রালের বিপক্ষে একটি জাতীয় কাপ ম্যাচে গোল করেছে রিভার প্লেট।