টানা চতুর্থ জয়ে চারে নম্বরে ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেড ২ : ০ টটেনহাম
এমন ম্যানচেস্টার ইউনাইটেডকেই তো দেখতে চান দলটির সমর্থকেরা! মাইকেল ক্যারিকের অধীনে যেন রীতিমতো উড়ছে দলটা। ওল্ড ট্রাফোর্ডে আজ টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। নতুন কোচ ক্যারিকের অধীনে ইউনাইটেডের এটি টানা চতুর্থ জয়।
শুরু থেকেই টটেনহামকে চেপে ধরে ইউনাইটেড। তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৩০ মিনিটের মাথায় টটেনহামের ক্রিস্টিয়ান রোমেরো সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে। দশ জনের দল হয়ে যাওয়া টটেনহাম পিছিয়ে পড়ে একটু পরেই। ৩৮ মিনিটে কর্নার থেকে সাজানো এক আক্রমণে দুর্দান্ত গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন ব্রায়ান এমবেউমো।
বিরতির পর টটেনহাম ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও ইউনাইটেডের রক্ষণে ফাটল ধরাতে পারেনি। উল্টো ৮১ মিনিটে দিয়োগো দালোতের বাড়ানো ক্রস থেকে গোল করে জয় নিশ্চিত করেন অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ।
এই জয়ের পর ৪৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষে থাকা দুই দল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির ধারেকাছে না থাকলেও, আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলা এখন ইউনাইটেডের হাতের নাগালে।
অন্যদিকে এই হারের পর ১৪ নম্বরেই পড়ে রইল টটেনহাম। মৌসুমটা নিশ্চয়ই এখন অনেক দীর্ঘ মনে হচ্ছে তাদের কাছে।