নতুন শুরু চান মারিয়া

সাফ খেলা ৬ দলের অধিনায়কসাফ

কয়েক দিন আগে দেশের নারী ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাবিনা খাতুনকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ‘সাফ নারী ফুটবল মিস করবেন?’ উত্তরে একচিলতে হাসির আড়ালে আক্ষেপ লুকিয়ে সাবিনা বললেন, ‘মিস করার কী আছে! তবে মেয়েদের জন্য শুভকামনা থাকল। ওরা যেন হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে।’

সাবিনার এই প্রত্যাশা দেশের কোটি ফুটবলপ্রেমীর। তবে সাবিনার মনে আক্ষেপ না থেকে পারেই না। ২০২২ ও ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই দক্ষিণ এশিয়ায় ফুটবলে সেরা হয়েছিল বাংলাদেশ। কিন্তু এবার তিনি ছাড়াও দলে নেই মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার বা সানজিদাদের মতো অভিজ্ঞ তারকারা।

২০২৪ সালে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার পর দলের ভেতর দ্বন্দ্ব, অবিশ্বাস্যের জেরে ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীন খেলতে অস্বীকৃতি জানান সাবিনারা। দল থেকে বাদ পড়ে সেটির মূল্য দেন তাঁরা। তবে এবারের দলে গত দুবারের চ্যাম্পিয়ন দলের নিউক্লিয়াস ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, তহুরা ও শামসুন্নাহাররা আছেন। তাঁদের সঙ্গে যোগ হয়েছে একঝাঁক প্রতিভাবান নতুন মুখ।

টুর্নামেন্ট শুরুর আগের দিন গতকাল ভারতের গোয়ায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দেখা গেল বড় চমক। সেখানে বাংলাদেশের অধিনায়ক আফঈদা খন্দকারের বদলে হাজির মিডফিল্ডার মারিয়া মান্দা। এই পরিবর্তনের পেছনের কারণ, নেতৃত্বের চাপ নিতে পারছেন না আফঈদা। পারফরম্যান্সও প্রত্যাশিত মানে হচ্ছে না। তাই দলের স্বার্থে এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে গত দুটি সাফজয়ী দলের অভিজ্ঞ মারিয়াকে।

নতুন অধিনায়ক চোখ রাখছেন হ্যাটট্রিক শিরোপায়। সংবাদ সম্মেলনেও শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জটাই বারবার সামনে এনেছেন মারিয়া, ‘বিগত দিনে আমরা দুবার চ্যাম্পিয়ন হয়েছি; কিন্তু সেটা এখন অতীত। এখন সবকিছু নতুন করে শুরু করতে হবে। এটা আমাদের জন্য পুরো নতুন একটা চ্যালেঞ্জ। তবে আমরা তৈরি।’

তৈরি অন্য দলগুলোও। আজ প্রথম দিনে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় ভুটান-নেপাল ম্যাচ, ভারত-মালদ্বীপ মুখোমুখি হবে রাত আটটায়। ২৮ মে বাংলাদেশের প্রথম ম্যাচ মালদ্বীপের বিপক্ষে। পাকিস্তান না খেলায় শিরোপার দাবিদার বাংলাদেশ, ভারত ও নেপাল। গত সাত টুর্নামেন্টের ছয়বারই ফাইনালে খেলে হেরেছে নেপাল। এবার তাই নেপাল মরিয়া হয়ে খেলবে। তবে টুর্নামেন্টের প্রথম পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মাটিতে খেলা হওয়ায় বাংলাদেশের জন্য এবারের মিশন অনেকটাই কঠিন।

কোচ বাটলারও তা জানেন। তবে তিনি এশিয়ান কাপে প্রথমবার খেলার অভিজ্ঞতাটাকে কাজে লাগাতে চান, ‘ইতিহাসে প্রথমবার আমাদের মেয়েরা এশিয়ান কাপের সিনিয়র ও অনূর্ধ্ব-২০ স্তরে খেলেছে। সিনিয়র দল চীনের বিপক্ষে খুব ভালো খেলেছে। দুটি টুর্নামেন্ট থেকে আমরা ভালো শিক্ষা পেয়েছি। তবে সাফ পুরো আলাদা টুর্নামেন্ট। সামনে আমাদের বড় চ্যালেঞ্জ। আমরা সেরাটা দিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হতে চাই।’

৬ দলের কোচ ও অধিনায়কদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের কোচ ক্রিসপিন ছেত্রী শিরোপা পুনরুদ্ধারের কথাই বলেছেন ঘুরেফিরে। ছেত্রীর কথা, ‘সবাই জিততে চায়, আমরাও চ্যাম্পিয়ন হতে চাই।’ অন্যদিকে নেপালের কোচ নবীন নিউপানের কণ্ঠে ট্রফি ছোঁয়ার আকুতি, ‘গত দুটি ফাইনালে আমরা বাংলাদেশের কাছে হেরেছি। ছয়বার ফাইনালে উঠলেও আমাদের ভাগ্য সহায় হয়নি।’ লঙ্কান কোচ দীপানি সামারাসিংহে ভারত আর বাংলাদেশকে সমীহ করছেন। ভুটানের কোচ কিম তাই-ইন নিজেদের নানা সীমাবদ্ধতার মধ্যেও উন্নতি করছেন বলে জানান।

আরও পড়ুন