ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। ফরোয়ার্ডদের জন্য কাজটা আরও কঠিন। সব সময় ডিফেন্ডারদের শ্যেনদৃষ্টিতে থাকতে হয়। কড়া ট্যাকল তো আছেই। তাতে খেলোয়াড়দের চোটে পড়ার প্রবণতাও বেশ বেড়েছে। আর প্রতিদ্বন্দ্বিতা বাড়ায় মেজাজ হারিয়ে নিষেধাজ্ঞাও পেয়ে থাকেন খেলোয়াড়েরা।
কিন্তু এসবের মধ্যেই এমন একজন খেলোয়াড় আছেন, ২০১৬ সাল থেকে চোট কিংবা নিষেধাজ্ঞার জন্য যিনি লা লিগায় কোনো ম্যাচ হাতছাড়া করেননি। অর্থাৎ সব ম্যাচেই খেলেছেন!
অবিশ্বাস্য লাগছে? স্বাভাবিক। বলা হচ্ছে অ্যাথলেটিক বিলবাও ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামসের কথা। লা লিগায় কাল কাদিজের মাঠে বিলবাওয়ের ৪–০ গোলে জয়ের ম্যাচে ৫৪ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন উইলিয়ামস।
পরিসংখ্যান জানাচ্ছে, ২০১৬ সালের পর এই প্রথম চোটে পড়লেন বিলবাওয়ে জন্ম নেওয়া এই ফুটবলার। লা লিগায় টানা সর্বোচ্চসংখ্যক ম্যাচ খেলার রেকর্ডটি তিনি গড়েছেন আগেই। উইলিয়ামস সেই রেকর্ড টেনে ২৩৬ ম্যাচে নিয়ে আসার পর এখন তাতে ছেদ পড়ার শঙ্কা। রোববার এস্পানিওলের মুখোমুখি হবে বিলবাও। উইলিয়ামস এ সময়ের মধ্যে সুস্থ হয়ে উঠতে না পারলে তাঁর এই রেকর্ড–যাত্রা থেমে যাওয়াই স্বাভাবিক।
লা লিগায় টানা সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গত বছর অক্টোবরে ভেঙেছেন ২০১৪ সালে রিজার্ভ দল থেকে বিলবাওয়ের মূল দলে জায়গা পাওয়া উইলিয়ামস। রিয়াল সোসিয়েদাদের সাবেক ডিফেন্ডার আন্দোনি লারানাগার লা লিগায় টানা ২০২ ম্যাচ খেলার রেকর্ড ভেঙে দেন উইলিয়ামস।
২০১৬ সালে স্পেনের জার্সিতে অভিষিক্ত হলেও এ বছর স্প্যানিশ জাতীয় দল ছেড়ে ঘানা জাতীয় দল বেছে নেওয়া উইলিয়ামস গত বছর ১ অক্টোবর আলাভেসের বিপক্ষে লারানাগার রেকর্ডটি ভাঙেন। ১৯৮৬ থেকে ১৯৯২—এ সময়ের মধ্যে সোসিয়েদাদের হয়ে রেকর্ডটি গড়েছিলেন লারানাগা।
২০১৬ সালের ২০ এপ্রিল বিলবাওয়ের ঘরের মাঠ সান মেমেসে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়ে ২৩২৩ দিনব্যাপী এই রেকর্ড–যাত্রার শুরু করেন উইলিয়ামস। এর মধ্যে কখনোই চোট কিংবা নিষেধাজ্ঞার কারণে কোনো ম্যাচ হাতছাড়া করেননি, টানা খেলে গেছেন। তাঁর মা–বাবা ঘানার বংশোদ্ভূত। পায়ে হেঁটে সাহারা মরুভূমি পার হয়ে এবং মরোক্কোর সীমান্ত পাড়ি দিয়ে স্পেনে ঢুকেছিলেন উইলিয়ামসের মা–বাবা।
উইলিয়ামসের চোটে ঘানা ফুটবল ফেডারেশনও বেশ চিন্তায় পড়েছে। কাতার বিশ্বকাপের প্রস্তুতিতে সেপ্টেম্বরে ব্রাজিল ও নিকারাগুয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ঘানা। তবে ২৮ বছর বয়সী এ ফরোয়ার্ডের চোট কতটা গুরুতর, তা জানা যায়নি।
কাল চোট পেয়ে বেরিয়ে যাওয়ার আগে ভালো–মন্দ দুটোই দেখেছেন উইলিয়ামস।
২৪ মিনিটে দলের হয়ে গোলের খাতা খোলেন। ১১ মিনিট পর আবার পেনাল্টি মিস করেন! তবে গোলটি দিয়ে একটি খরাও কাটিয়েছেন উইলিয়ামস। লা লিগায় প্রতিপক্ষের মাঠে এ নিয়ে টানা ১৪ ম্যাচ পর গোলের দেখা পেলেন তিনি। অন্য ম্যাচে বদলি হয়ে নামা আঁতোয়ান গ্রিজমানের গোলে ভ্যালেন্সিয়াকে ১–০ গোলে হারায় আতলেতিকো মাদ্রিদ।