পাকিস্তানকে হারানো আর সহজ হবে না—হুঁশিয়ারি কোচের

পাকিস্তান কোচ নলবার্তো সোলানোশামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একসময় অনেকে ভাবতেন পাকিস্তানের বিপক্ষে খেলা সহজ। কিন্তু ভবিষ্যতে পাকিস্তান হবে এমন একটি দল, যাদের হারানো আর সহজ হবে না’—কথাগুলো বলেছেন সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা পাকিস্তান ফুটবল দলের কোচ নলবার্তো সোলানোর।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে আগামীকাল রাত আটটায় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। এর আগে আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে যেন আগাম বার্তাই দিয়ে রাখলেন পাকিস্তান কোচ।

পাকিস্তানের এই আত্মবিশ্বাসের বড় কারণ দলে থাকা ইউরোপের বিভিন্ন লিগে খেলা প্রবাসী ফুটবলাররা। গোলরক্ষক ইউসুফ বাট, অধিনায়ক আবদুল্লাহ ইকবাল, মাঝমাঠের আদিল নবী এবং আক্রমণভাগের আবদুল সামাদ ও মিকেল আবদুল্লাহ দলটির শক্তি বাড়িয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালে শেষ মুহূর্তে আবদুল সামাদের গোলেই ফাইনালে উঠেছে পাকিস্তান।

এক বছর দুই মাস ধরে পাকিস্তান কোচের দায়িত্বে থাকা সোলানো মনে করেন, দলটির সামর্থ্য আরও বেশি। তবে শুধু জাতীয় দল দিয়ে ফুটবলের উন্নতি সম্ভব নয়। তাঁর মতে, ‘পাকিস্তানের নিজস্ব একটি ফুটবল লিগ থাকা জরুরি। সেটিই হবে পরবর্তী পদক্ষেপ।’

ফাইনালের আগে এবিজি স্পোর্টস সিটিতে পাকিস্তান ফুটবল দলের অনুশীলন
প্রথম আলো

ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৩-২ গোলে হেরেছিল পাকিস্তান। তবে বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই ফাইনালকে সমান সম্ভাবনার লড়াই মনে করছেন সোলানো, ‘দুই দলেরই জয়ের সুযোগ ৫০-৫০। মাঠে যারা ভালো খেলবে, তারাই শিরোপা জিতবে।’

আরও পড়ুন

পাকিস্তানের অধিনায়ক আবদুল্লাহ ইকবালও ফাইনাল নিয়ে আত্মবিশ্বাসী, ‘দেশের জন্য ইতিহাস গড়ার সুযোগই দলকে আরও ভালো খেলতে অনুপ্রাণিত করছে। প্রথমবার ফাইনালে উঠে প্রথমবার শিরোপা জিততে পারলে সেটি হবে পাকিস্তানের ফুটবলে নতুন অধ্যায়ের শুরু।’

পরিসংখ্যান অবশ্য ভারতের পক্ষে। দুই দলের ২৫ দেখায় ভারতের জয় ১৬টি, পাকিস্তানের মাত্র ২টি। তবে পাকিস্তানের সামনে এখন এই পরিসংখ্যানও বদলানোর সুযোগ।

আরও পড়ুন