বাংলাদেশ ছেড়ে কেন চলে যাচ্ছেন শুকি
জাতীয় স্টেডিয়ামের মাঠে নতুন করে ফুটবল ফিরেছে। পাঁচ বছর পর ঘরোয়া ফুটবলের ম্যাচ। গ্যালারিতে দর্শক, মাঠে খেলোয়াড়, চারপাশে পুরোনো স্টেডিয়ামের চেনা ব্যস্ততা। কিন্তু দিনটি যাঁকে ঘিরে অন্য রকম হয়ে উঠল, তিনি গোল করলেন না, খেললেনও না। বরং জানিয়ে দিলেন, বাংলাদেশের ঘরোয়া ফুটবলে তাঁর সময় ফুরিয়ে আসছে।
নাম শুকি ইতোফুসা। বয়স মাত্র ২২। ফর্টিস এফসির এই তরুণ ফরোয়ার্ড বাংলাদেশের ঘরোয়া ফুটবল ছেড়ে যেতে চান। কোথায় যাবেন, কোন লিগে খেলবেন, সেটি অবশ্য এখনো পরিষ্কার নয়। তবে তাঁর সিদ্ধান্তে একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশের ফুটবলে তাঁর আপাতত মন টিকছে না।
আজ জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপে ফর্টিস ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। পাঁচ বছর পর এই মাঠে ঘরোয়া ফুটবলের প্রত্যাবর্তনের ম্যাচ। অথচ ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় শুকি। ভিআইপি বক্স থেকে নেমে মাঠে আসার পর তাঁর কাছে জানতে চাওয়া হলো, ফর্টিস ছাড়ছেন?
উত্তর, ‘ইয়েস।’
বাংলাদেশ ছাড়ছেন?
‘আমি জানি না।’
অন্য কোনো দেশের লিগে খেলার প্রস্তাব পেয়েছেন?
‘আমাদের ক্লাব সভাপতিকে জিজ্ঞেস করুন।’
কোন দলে যাচ্ছেন?
‘আই ডোন্ট নো নাউ।’
কেন বাংলাদেশ ছাড়ছেন?
‘আই ডোন্ট নো।’
ইংরেজিতে খুব একটা স্বচ্ছন্দ নন শুকি। কথাবার্তায় তাই ‘ইয়েস’, ‘নো’ আর ‘আই ডোন্ট নো’-এর আধিপত্য। তবে নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে পরে জাপানি ভাষায় যা বলেছেন, তার বাংলা অনুবাদটা বেশ তাৎপর্যপূর্ণ।
জাতীয় স্টেডিয়ামের ড্রেসিংরুমের সামনে অ্যাথলেটিকস ট্র্যাকে ফর্টিস সভাপতি শাহীন হাসানের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন শুকি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশের লিগ ছেড়ে যাচ্ছেন কেন? প্রশ্নটি বুঝতে না পারায় সভাপতি তাঁকে বুঝিয়ে দেন। এরপর সাংবাদিকেরা তাঁকে জাপানি ভাষায় উত্তর দিতে বলেন।
শুকি বলেন, ‘নিজের জন্যও আমার একটি শীর্ষ লিগে উচ্চপর্যায়ে ফুটবল খেলার ইচ্ছা রয়েছে। আর জাতীয় দলের হয়ে ভালো পারফর্ম করার জন্য, জাতীয় দলের হয়ে নিজেকে মেলে ধরার জন্য, আমি অন্য একটি লিগে নিজেকে গড়ে তুলতে চাই এবং কঠোর পরিশ্রম করতে চাই, যাতে বাংলাদেশ জাতীয় দলের সদস্য হিসেবে আবারও জয় এনে দিতে পারি।’
কথাগুলোতে উচ্চাকাঙ্ক্ষা আছে। আছে নিজের ফুটবলকে আরও বড় মঞ্চে নিয়ে যাওয়ার তাগিদও। বাংলাদেশের হয়ে খেলবেন কি না, প্রশ্নে অবশ্য কোনো দ্বিধা নেই শুকির। বলেছেন, ‘এটা আমার দেশ। আমি জাতীয় দলে খেলব। যখনই ডাকবে আসব।’
বাংলাদেশের ঘরোয়া লিগ কেমন লাগে, জানতে চাইলে ভাঙা ভাঙা ইংরেজিতে তাঁর উত্তর, ‘ভেরি গুড।’ তাহলে ছাড়ছেন কেন? কোনো সমস্যা হয়েছে?
‘নো প্রবলেম। মাই কান্ট্রি, ভেরি গুড।’
শুকির মুখের কথা আর ভেতরের খবর অবশ্য পুরোপুরি এক নয়। জানা গেছে, বাংলাদেশের ঘরোয়া ফুটবলের মাঠের মান এবং খেলার গতি তাঁকে হতাশ করেছে। আরও ভালো কোনো লিগে খেলার আশাতেই তিনি দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কিন্তু সেই ভালো লিগ কোথায়? শুকি জানালেন, ‘এখনো আমি জানি না। এজেন্ট দেখছে।’
ফর্টিস সভাপতি শাহীন হাসানের ধারণা, মালয়েশিয়া কিংবা ইন্দোনেশিয়ার কোনো লিগে যেতে পারেন শুকি। তিনি বলেছেন, ‘ও বাইরে একটা ফাস্ট ফুটবল লিগে যেতে চাইছে। আমাদের চেয়ে ফাস্ট যেন লিগ হয়। সম্ভবত ও মালয়েশিয়া-ইন্দোনেশিয়া এসব জায়গায় চেষ্টা করছে। যেখানে আমাদের চেয়ে ভালো খেলা হয়।’
শুকির সঙ্গে ফর্টিসের এক বছরের চুক্তি আছে। চাইলে ক্লাব তাঁকে চুক্তির বেড়াজালে আটকে রাখতে পারত। কিন্তু তা করতে চায় না তারা। শাহীন হাসানের ভাষায়, ‘অবশ্যই তার সঙ্গে আমাদের এক বছরের চুক্তি। চাইলে চুক্তির বেড়াজালে তাকে আমরা আটকাতে পারতাম। তবে জাতীয় দলের কথা ভেবে আমরা ওকে ছাড়ব। বাইরে খেলে এসে যেন আমাদের দেশকে সে ভালো কিছু দিতে পারে।’
শুকির প্রস্তাবটি অবশ্য এখনো দেখেনি ফর্টিস। সভাপতি বলেছেন, ‘সে বলেছে তার অফার আছে। অফারটা আমরা দেখতে পারিনি। যেহেতু বলেছে অফার আছে, তাই চাইব বাইরে খেলে যেন দেশকে ভালো কিছু দিতে পারে। শুধু শুকি নয়, অন্য কেউ বাইরে লিগে সুযোগ পেলেও আমরা ছাড়তাম।’
পেশাদার লিগ শুরুর পর এভাবে ক্লাব ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত কতটা পেশাদার? এমন প্রশ্নেও শাহীন হাসানের অবস্থান পরিষ্কার, ‘সে যেহেতু বাইরের লিগে খেলতে যাবে, আমরা দেশের স্বার্থে চুক্তির মারপ্যাঁচে তাকে আটকে রাখব না।’
শুকির বাংলাদেশ-অধ্যায়টা অবশ্য বেশ দ্রুতই লেখা হয়েছিল। গত সেপ্টেম্বরের শুরুতে ফর্টিসে খেলতে ঢাকায় আসেন তিনি। এরপর দ্রুতই পেয়েছেন বাংলাদেশি পাসপোর্ট। তাঁর বাড়ির ঠিকানা নারায়ণগঞ্জ। জাতীয় দলের জার্সিও গায়ে উঠেছে দ্রুত। এরই মধ্যে বাংলাদেশের হয়ে পাঁচটি ম্যাচ খেলা হয়ে গেছে তাঁর।
ফর্টিসের হয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে গোল করে প্রথম নজর কেড়েছিলেন। কিন্তু ঘরোয়া ফুটবলে ক্লাবটির হয়ে ম্যাচ খেলেছেন মাত্র একটি। তিন মাসও হয়নি। এর মধ্যেই বাংলাদেশের ঘরোয়া ফুটবলে তাঁর আগ্রহে ভাটা।
অথচ এই বাংলাদেশে আসার গল্পটা তো এক দিনের নয়। এর শিকড় ছড়িয়ে আছে ১৯৮৮ সালে। সে বছর প্রথমবার জাপানে বেড়াতে গিয়েছিলেন নারায়ণগঞ্জের আতাউর রহমান। পরে সেখানেই স্থায়ী হন। ২০০০ সালে বিয়ে করেন শিজু ইতোফুসাকে। তাঁদের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে তৃতীয় সন্তান শুকি।
একসময় জাপানে বেড়াতে যাওয়া আতাউর রহমানের সেই পারিবারিক গল্পের সূত্র ধরেই বাংলাদেশে এসেছেন শুকি। পেয়েছেন এই দেশের পাসপোর্ট, পরেছেন জাতীয় দলের জার্সি। বাংলাদেশের হয়ে মাঠে নেমেছেন পাঁচবার। এখন তাঁর চোখ অন্য লিগে। আরও দ্রুতগতির ফুটবলে, আরও বড় মঞ্চে।
শুকি হয়তো আবার ফিরবেন। জাতীয় দলের ডাক পেলে আসবেনও বলেছেন। কিন্তু তাঁর এই চলে যাওয়ার গল্পে বাংলাদেশের ফুটবলের জন্য একটা প্রশ্ন থেকে যায়। ২২ বছরের এক তরুণ ফুটবলার, যাঁর শিকড় এই দেশে, যিনি বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে চান, তিনিও কেন ঘরোয়া ফুটবলে নিজের ভবিষ্যৎ খুঁজে পাচ্ছেন না?
প্রশ্নটা শুকির একার নয়। উত্তরটা খুঁজতে হবে বাংলাদেশের ফুটবলকেই।