‘শুধু হলান্ড নয়, ইউনাইটেডের প্রতিপক্ষ পুরো ম্যান সিটি’

ম্যানচেস্টার ডার্বির আগে প্রস্তুত হচ্ছেন হলান্ডছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক মৌসুমের তুলনায় এবারের মৌসুমটা ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একটু ভিন্ন। প্রিমিয়ার লিগে টানা দুই হার দিয়ে শুরু করে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে এরিক টেন হাগের দল। এর মাঝে লিভারপুল ও আর্সেনালের মতো দুই শিরোপাপ্রত্যাশী দলকেও হারিয়েছে তারা।

শুরুর ধাক্কা ভুলে ম্যান ইউনাইটেড এখন বেশ গোছানো একটি দলে পরিণত হয়েছে বলেই মনে হয়। কিন্তু টেন হাগের দলের সামনে আজ বড় পরীক্ষা।  আন্তর্জাতিক বিরতি শেষে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে ইউনাইটেড।

ইতিহাদের এই ম্যাচ ইউনাইটেডের জন্য শিরোপা দৌড়ে এগিয়ে থাকার পাশাপাশি নিজেদের শক্তি দেখানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। এই ম্যাচে ইউনাইটেডের জন্য বড় হুমকি মনে করা হচ্ছে আর্লিং হলান্ডকে।

সেপ্টেম্বর মাসের সেরা কোচের পুরস্কার হাতে কোচিং স্টাফদের সঙ্গে টেন হাগ
ছবি: টুইটার

অনেকেই মনে করছেন, দুর্দান্ত ছন্দে থাকা এই নরওয়েজিয়ান স্ট্রাইকারকে থামানোই বড় চ্যালেঞ্জ হবে টেন হাগের দলের জন্য। তবে ইউনাইটেড কোচ টেন হাগ অবশ্য বলেছেন, শুধু হলান্ডকে নিয়েই ভাবছেন না তিনি। পুরো ম্যান সিটি দল নিয়েই পরিকল্পনা সাজাচ্ছেন।

প্রিমিয়ার লিগে ৭ ম্যাচে ১১ গোল করেছেন হলান্ড। গোলমুখে প্রতিপক্ষের জন্য প্রতি মুহূর্তে তৈরি করছেন হুমকি। টেন হাগের পরিকল্পনার খাতা তো আর দেখার উপায় নেই। ইউনাইটেড কোচ সেই খাতায় হলান্ডকে ঠেকাতে কী এঁকে রেখেছেন, তা তিনিই জানেন। কিন্তু বাইরে সেটা প্রকাশ করলেন না।

ডার্বি ম্যাচের আগে তিনি শুধু বললেন, ‘তার (হলান্ড) ব্যক্তিত্ব আমি পছন্দ করি। যেভাবে সে মাঠে খেলে, তাও আমার ভালো লাগে। তার জীবনটাই হচ্ছে গোল কেন্দ্রিক, সে সরাসরি প্রতিপক্ষের ওপর আক্রমণ চালায়। সে সুযোগও তৈরি করতে পারে। আমি তাকে শ্রদ্ধা করি।’

দুর্দান্ত সব গোল করে যাচ্ছেন হলান্ড
ছবি: উয়েফা

টেন হাগ এরপর যোগ করেন, ‘আমরা হলান্ডের বিপক্ষে খেলব না, খেলব ম্যান সিটির বিপক্ষে। তবে এটা ম্যান সিটিকে নিয়ে ভাবার ব্যাপারও নয়। আমি প্রতিপক্ষকে শ্রদ্ধা করি, আমি শুধু আমার দল নিয়ে ভাবছি। নিজেদের সামর্থ্য সম্পর্কে আমাদের ধারণা আছে। যদি আমরা দল হিসেবে খেলতে পারি, তাহলে প্রতিপক্ষকে হারাতে পারব।’

ইউনাইটেড তারকা জাডন সানচো এর আগে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে খেলার সময় খুব কাছ থেকে হলান্ডকে দেখেছেন। নরওয়েজিয়ান এই তারকার ভেতর-বাহিরটা তাই তাঁর ভালোই জানা। হলান্ডকে নিয়ে আলাদা কৌশল না আঁটলেও, সানচোর কাছ থেকে অবশ্য তাঁর সম্পর্কে ঠিকই জেনে নিয়েছেন টেন হাগ।

ইউনাইটেড কোচ বলেছেন, ‘অবশ্যই, আপনি আপনার খেলোয়াড়দের সঙ্গে কথা বলবেন। যখন বিশেষ কোনো প্রতিপক্ষের সঙ্গে কেউ খেলে থাকে, তার কাছ থেকে আরও বিস্তারিত জানার সুযোগ আছে। তবে সেগুলো আগে থেকে দেখাও আমাদের কাজ। কেউ যখন বিশেষ অবদান রাখে, তাকে বিশ্লেষণ করতে হবে।’

ম্যানচেস্টার ডার্বি ম্যান সিটি ও ইউনাইটেডের জন্য মর্যাদার লড়াইও বটে। ডার্বির গুরুত্ব অজানা নেই টেন হাগেরও, ‘আমি নিজে অনেক ডার্বি ম্যাচ খেলেছি। আমি জানি এগুলোর গুরুত্ব কত। এই প্রতিদ্বন্দ্বিতার অর্থ কী, তাও আমি জানি। এটা ম্যানচেস্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচও বটে। যা আমাকে রোমাঞ্চিত করছে। এই ম্যাচ জিততে সম্ভাব্য সবকিছুই করব।’

আরও পড়ুন