চাকরি হারিয়ে ভেঙেচুরে গেছেন টুখেল

টমাস টুখেলকে ছাঁটাই করেছে চেলসিফাইল ছবি: এএফপি

ঘোষণাটা কিছুটা অপ্রত্যাশিতই ছিল। মৌসুম ঠিকঠাক শুরু না হতেই স্টামফোর্ড ব্রিজ থেকে বাক্সপেটরা গুছিয়ে নতুন চাকরি খুঁজতে হচ্ছে টমাস টুখেলকে। বছরখানেক আগে দলকে চ্যাম্পিয়নস লিগ জেতানো এই জার্মান কোচকে এভাবে বিদায় নিতে দেখে বিস্মিত হয়েছেন খোদ চেলসির সমর্থকেরাই।

ক্লাবের নতুন মালিক টড বোয়েলির এই সিদ্ধান্ত হজম করতে কষ্ট হয়েছে টুখেলরও। তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে বরখাস্ত হওয়ার প্রায় চার দিন পর টুখেল জানিয়েছেন, এ ঘটনায় হৃদয় ভেঙেচুরে গেছে তাঁর।  

প্রিমিয়ার লিগে প্রথম ৬ ম্যাচে ২ হার, এরপর চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে দিনামো জাগরেবের কাছেও ১–০ গোলে হেরে শুরু। বিপর্যস্ত চেলসির যে কোনো কিছুই যে ঠিকঠাক হচ্ছে না, তা স্বীকার করে ঘুরে দাঁড়ানোর কথা বলেছিলেন টুখেল। তবে সে সময় আর পেলেন কই! জাগরেভ থেকে লন্ডন ফিরতে ফিরতেই বিদায়ঘণ্টা বেজে যায় টুখেলের।

চ্যাম্পিয়নস লিগের ট্রফি হাতে টুখেল
ফাইল ছবি

ক্লাব কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত মানতে বেশ কষ্টই হচ্ছে টুখেলের। এত দ্রুত যে বিদায়ী বার্তা লিখতে হবে, তা–ও ভাবতে পারেননি তিনি। চেলসির সদ্য সাবেক হওয়া এই কোচ টুইট করেছেন, ‘এটা আমার লেখা সবচেয়ে কঠিন বিবৃতিগুলোর একটি। আমি আশা করেছিলাম আমাকে আরও অনেক বছর পর্যন্ত এমন কিছু লিখতে হবে না। চেলসিতে আমার সময় শেষ হয়ে গেছে, এটা আমাকে ভেঙেচুরে দিয়েছে।’

আধুনিক ফুটবলে কোচের চাকরি সব সময়ই ‘আজ আছে কাল নেই’। তবু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া দলকে মৌসুমের মাঝামাঝি দায়িত্ব নিয়ে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর বছরখানেকের মধ্যেই ছাঁটাই হয়ে যাবেন, এমনটা কল্পনাও করতে পারেননি টুখেল।

টুখেলের জায়গায় চেলসির নতুন কোচ হয়েছেন পটার
ছবি: চেলসিএফসি

যে ক্লাবকে নিজের ঘর ভেবে নিয়েছিলেন, সেখান থেকে এমন বিদায় কষ্ট দিচ্ছে টুখেলকে, ‘ব্যক্তিগতভাবে এবং পেশাগত জায়গা থেকে এটা এমন ক্লাব, যেটাকে আমি ঘর ভেবে নিয়েছিলাম। শুরু থেকেই আমাকে ভালোভাবে বরণ করে নেওয়ায় সব স্টাফ, খেলোয়াড় এবং সমর্থকদের ধন্যবাদ।’

চেলসিতে টুখেলের সবচেয়ে বড় অর্জন নিঃসন্দেহে চ্যাম্পিয়নস লিগ জয়। প্রায় ভঙ্গুর একটি দলকে উজ্জীবিত করে ইউরোপ–সেরার স্বীকৃতি এনে দিয়েছিলেন পিএসজির সাবেক এই কোচ।

আরও পড়ুন

বিদায়বেলায় চেলসিতে নিজের সব অর্জনকেও স্মরণ করেছেন টুখেল, ‘দলকে চ্যাম্পিয়নস লিগ এবং ক্লাব বিশ্বকাপ জয়ের পথে সাহায্য করতে পারার যে অনুভূতি, তা আমার সঙ্গে সব সময় থেকে যাবে। এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পেরে আমি গর্বিত। গত ১৯ মাসের স্মৃতি সব সময় আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে।’

চেলসিতে টুখেলের জায়গায় কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্রাইটন থেকে আসা গ্রাহাম পটার। শুরু হয়েছে টুখেলের পরবর্তী গন্তব্য নিয়েও নানা জল্পনা। জানা গেছে, টুখেলের সঙ্গে নাকি ইতিমধ্যে ৬টি ক্লাব যোগাযোগও করেছে। টুখেল নিজেও নাকি খুব দ্রুত ডাগআউটে ফিরতে চান। তবে শেষ পর্যন্ত টুখেল কোথায় যাচ্ছেন, তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।