গ্রিসে ফুটবল দাঙ্গায় নিহত এক, স্থগিত চ্যাম্পিয়নস লিগের ম্যাচ

এইকে এথেন্সের স্টেডিয়ামের বাইরে ফুল, জার্সি ও মোমবাতি রেখে নিহত সমর্থককে শ্রদ্ধা জানিয়েছে গ্রিক ক্লাবটি সমর্থকেরারয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল। বিউটিফুল গেম। সুন্দর সেই খেলাটাকেই মাঝেমধ্যে কুৎসিত বানিয়ে ফেলেন কিছু মানুষ। ফুটবল নিয়ে ঝগড়া-ফ্যাসাদে প্রাণহানির উদাহরণও তো কম নেই। সর্বশেষ গ্রিসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন একজন। গ্রিক পুলিশ আজ নিশ্চিত করেছে এইকে এথেন্সের সেই সমর্থকের মৃত্যুর খবর।

আজ রাতে চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে এইকে এথেন্সের মুখোমুখি হওয়ার কথা ছিল ক্রোয়েশিয়ার দিনামো জাগরেবের। সেই ম্যাচ নিয়েই এথেন্সের কাছে গতকাল রাতে মারামারিতে জড়ান দুই দলের সমর্থকেরা। সেখানেই ছুরি মারা হয় ২২ বছর বয়সী সেই সমর্থককে। গুরুতর আহত অবস্থায় এথেন্সের এক হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।

এই ঘটনার পর আজ উয়েফা চ্যাম্পিয়নস লিগ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচটি স্থগিত করেছে। উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আজকের প্রথম লেগের ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আগামী সপ্তাহে জাগরেবে দ্বিতীয় লেগের ম্যাচটি যথাসময়েই হবে। স্থগিত ম্যাচটি কবে হবে সেটি পরে জানাবে উয়েফা।

এই বাড়ির সামনেই আহত হয়েছিলেন এইকে এথেন্সের সেই সমর্থক
রয়টার্স

গ্রিক পুলিশ জানিয়েছে মারামারির ঘটনায় আরও আটজন আহত হয়েছেন, যাঁদের তিনজন গ্রিক ও পাঁচজন ক্রোয়াট। আহত ব্যক্তিদের মধ্যে এক শিশুও আছে। মাথায় পাথরের আঘাত পেয়েছে সে। এ ঘটনায় ৯৬ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল নিয়া ফিলাদেলফেইয়া স্টেডিয়ামে জাগরেবের অনুশীলন শেষে স্টেডিয়ামের বাইরে সংঘর্ষে জড়ান দুই দলের সমর্থকেরা। ঠিক কী কারণে এই সংঘর্ষ, তা জানায়নি পুলিশ।

আরও পড়ুন

গ্রিসে অবশ্য ফুটবল দাঙ্গা নতুন কিছু নয়। গত বছর ছুরিকাঘাতে আরেকজন ফুটবল সমর্থক নিহত হয়েছিলেন। সেই ঘটনার পর গ্রিক সরকার ফুটবল–সংক্রান্ত মারামারির ঘটনার শাস্তি বৃদ্ধি করে। আগে এমন ঘটনায় সর্বোচ্চ ছয় মাসের জেল হতো, সেই শাস্তি বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে আলকিস কাম্পানোসের নামের ১৯ বছর বয়সী সেই সমর্থকের মৃত্যুর ঘটনার বিচারও সম্পন্ন হয়েছে। দোষী সাব্যস্ত সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচজনকে ১৯ বছরের জেল দেওয়া হয়।

আরও পড়ুন