ডাচ ফরোয়ার্ডকে দেওয়া মেসির সেই ধমক এখন মগ, টি-শার্টে
ঘটনাটা নেদারল্যান্ডসকে হারানোর পর। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে কথা বলছিলেন লিওনেল মেসি। সাক্ষাৎকার শুরুর আগে ডান দিকে শীতল চোখে তাকিয়ে কারও প্রতি চিৎকার দিয়ে মেসি বলে ওঠেন, ‘এদিকে তাকিয়ে আছ কেন, নির্বোধ? ওদিকে যাও।’
টিওয়াইসি স্পোর্টসের সংবাদকর্মী গাস্তন এদুল পরে জানান, নেদারল্যান্ডস ফরোয়ার্ড ভাউট ভেগহোর্স্টকে ধমকটা দেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড নাকি তখন বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন। সাবেক সতীর্থ সের্হিও আগুয়েরোর হস্তক্ষেপে শান্ত হন।
মেসি পরে জানান, ডাচদের ১৯ নম্বর জার্সি পরা ভেগহোর্স্ট নাকি মাঠে আজেবাজে কথা বলেছেন। সে জন্যই ওই ধমক। মজার ব্যাপার, মেসির এই মন্তব্য তাঁর দেশের মানুষ লুফে নিয়েছে। আর্জেন্টিনায় মগ, টি–শার্ট এবং অন্যান্য ব্যবহার্য জিনিসে মেসির এই কথা এখন শোভা পাচ্ছে।
নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে জয় তুলে নেয় আর্জেন্টিনা। উত্তেজনা ছড়ানো সে ম্যাচে ডাচ কোচ লুই ফন গালের প্রতিও তেড়ে গিয়েছিলেন মেসি। তাঁকেও দুকথা শুনিয়েছেন। এই ম্যাচে রেফারি রেকর্ড ১৮টি হলুদ কার্ড দেখানোয় ফিফা তদন্ত শুরু করেছে। ম্যাচের রেফারিকেও বাড়ি পাঠিয়ে দিয়েছে ফিফা।
এসব নিয়ে যখন গোটা পৃথিবীতে আলোচনা চলছে, তখন ব্যবসায়ীরা এই পরিস্থিতির সদ্ব্যবহার করতে ছাড়েননি। মগে, টি–শার্ট ও ক্যাপে মেসির সেই উক্তি ছাপিয়ে আর্জেন্টিনার বাজারে ছাড়া হয়েছে। মগ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ পেসোয় (৯ ডলার), টি–শার্ট ২ হাজার ৯০০ পেসোয় এবং ক্যাপ ৩ হাজার ৯০০ পেসোয় বিক্রি হচ্ছে।
আর্জেন্টিনায় কাপড়ের ডিজাইনার টনি মরফেস এ বিষয়ে কথা বলেছেন সংবাদ সংস্থা এএফপির সঙ্গে, ‘আমরা যত দ্রুত সম্ভব টি–শার্ট বানিয়েছি। কারণ, কথাটা ভাইরাল হয়ে গিয়েছিল। মেসি এমনিতে শান্ত, তবে লোকে তাকে ডিয়েগো ম্যারাডোনার মেজাজেও দেখতে চায়।’ বিশ্বকাপের সেমিফাইনালে আজ বাংলাদেশ সময় রাত একটায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।