’৭৮ বলছে মেসিরা চ্যাম্পিয়ন তবে...
সৌদি আরবের কাছে হার দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে আর্জেন্টিনা। গ্রুপপর্বে ফ্রান্স হেরেছে তিউনিসিয়ার কাছে। শেষ পর্যন্ত এ দুটি দলই উঠেছে ফাইনালে। রোববার লুসাইলে বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ১৯৭৮ বিশ্বকাপে তাকিয়ে আশাবাদী হতেই পারে আর্জেন্টিনা।
’৭৮ বিশ্বকাপের স্মৃতি ফিরে এসেছে এবার গ্রুপপর্বে আর্জেন্টিনা ও ফ্রান্সের হারের কারণে। ৪৪ বছর আগের সেই বিশ্বকাপেও ফাইনালে ওঠার পথে গ্রুপপর্বে একটি ম্যাচ হেরেছিল আর্জেন্টিনা। ফাইনালের অপর দল নেদারল্যান্ডসও হেরেছিল গ্রুপপর্বে। তারপর এবার প্রথমবারের নজিরটি দেখা গেল—ফাইনালে উঠে আসার পথে একটি করে ম্যাচ হেরেছে আর্জেন্টিনা ও ফ্রান্স। অপরাজিত থেকে ফাইনালে উঠে আসতে পারেনি।
আর্জেন্টিনায় অনুষ্ঠিত ৪৪ বছর আগের সেই বিশ্বকাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ইতালির কাছে হেরেছিল স্বাগতিকরা। ৬৭ মিনিটে গোল করেছিলেন ইতালির ফরোয়ার্ড রোবের্তো বেত্তেগা। এবার অবশ্য গ্রুপে নিজেদের শেষ ম্যাচ নয়, প্রথম ম্যাচে হেরেছেন মেসিরা।
সৌদি আরবের কাছে ২–১ গোলে হারের পরই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। দুর্দান্ত খেলে উঠে এসেছে ফাইনালে। তবে ’৭৮ বিশ্বকাপের ফাইনাল খেলা নেদারল্যান্ডস যেমন গ্রুপে নিজেদের শেষ ম্যাচটা হেরেছিল, এবার ফ্রান্সও তেমনি গ্রুপপর্বের শেষ ম্যাচটা হেরেছে।
’৭৮ বিশ্বকাপে গ্রুপে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩–২ গোলে হেরেছিল নেদারল্যান্ডস। কেনি ডালগ্লিস ও আর্চি জেমিলদের স্কটল্যান্ড সে ম্যাচে রুদ ক্রল, জনি রেপদের নেদারল্যান্ডসকে হারিয়ে চমকে দিয়েছিল। ঠিক যেভাবে এবার গ্রুপপর্বে ফ্রান্সকে হারিয়ে চমকে দিয়েছে তিউনিসিয়া। ওয়াহবি খাজারি ৫৮ মিনিটে ফ্রান্সের জালে গোল করে স্মরণীয় জয় এনে দেন তিউনিসিয়াকে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এবার করা যাক। ’৭৮ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? কে আবার, আর্জেন্টিনা! যেহেতু ’৭৮ বিশ্বকাপের ফাইনালে ওঠা দুই দলের সঙ্গে এবারের বিশ্বকাপের ফাইনালে ওঠা দুই দলের এসব জায়গায় মিল আছে, তাই শিরোপা জয় নিয়ে আশাবাদী হতেই পারেন আর্জেন্টিনার সমর্থকেরা, বিশেষ করে তুক–তাকে যাঁদের বিশ্বাসটা একটু বেশিই।
তবে প্রশ্ন তুলতে পারেন ফ্রান্সের ভক্তরা। এমন তুক–তাক কি তাঁদের নেই? অবশ্যই আছে! যেমন ধরুন, ১৯৯৮ বিশ্বকাপে প্রথম শিরোপা জেতে ফ্রান্স। সে বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ২–১ গোলে হারিয়েছিল ফ্রান্স। জোড়া গোল করেছিলেন ফ্রান্সের ডিফেন্ডার লিলিয়ান থুরাম। ২০ বছর পর ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হয় ফ্রান্স। ১–০ গোলের জয়ে উঠে যায় ফাইনালে। সেমিফাইনালে ফ্রান্সের হয়ে গোলটি করেছিলেন ডিফেন্ডার স্যামুয়েল উমতিতি। সেবারও ফ্রান্সই চ্যাম্পিয়ন হয়েছিল।
এবারও ঠিক তাই! সেমিফাইনাল থেকে ফাইনালের আগ পর্যন্ত। কাল রাতে মরক্কোর বিপক্ষে সেমিফাইনাল ২–০ গোলে জিতেছে ফ্রান্স। ৫ মিনিটে ফ্রান্সকে প্রথম গোলটি এনে দেন ডিফেন্ডার থিও হার্নান্দেজ।
আগে যে দুটি বিশ্বকাপের সেমিফাইনালে ডিফেন্ডাররা ফ্রান্সকে গোল এনে দিয়েছেন, প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। এবারও যেহেতু সেমিফাইনালে ডিফেন্ডার গোল করেছেন, ফ্রান্স তাই চ্যাম্পিয়ন হওয়ার আশা করতেই পারে। তবে এসব আশায় ভরসা রাখতে হবে নিজ দায়িত্বে।