দ্রুততম গুলের, কেইনের ৫০

চলতি মৌসুমে ৫০ গোল করেছেন কেইনরয়টার্স
চ্যাম্পিয়নস লিগে রেকর্ডের ভাঙাগড়া কিংবা নতুন মাইলফলক সৃষ্টির গল্প চলতেই থাকে। গতকাল রাতেও বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের সেমিফাইনালে ওঠার ম্যাচ দুটি জন্ম দিয়েছে ছোট–বড় বেশ কিছু রেকর্ডের। সেই রেকর্ডের গল্পগুলো সংখ্যায় সংখ্যায় জেনে নেওয়া যাক।

মাত্র ৩৫ সেকেন্ডে করা আরদা গুলেরের গোলটি চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের দ্রুততম গোল। তবে চ্যাম্পিয়নস লিগের পূর্ববর্তী সংস্করণ ইউরোপিয়ান কাপ বিবেচনায় এটি রিয়ালের দ্বিতীয় দ্রুততম গোল। এর আগে ১৯৫৭ সালে মাত্র ৩১ সেকেন্ডে অ্যান্টওয়ার্পের বিপক্ষে গোল করেছিলেন রিয়ালের হেক্টর রাইয়াল।

আর্সেনাল টানা দুই মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পৌঁছেছে। এর আগে ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে এই পর্যায়ে তারা মাত্র দুবার সেমিফাইনাল খেলেছিল, ২০০৫-০৬ ও ২০০৮-০৯ মৌসুমে। এর মধ্যে ২০০৫–০৬ মৌসুমে ফাইনালে বার্সেলোনার কাছে হেরে রানার্সআপ হয় ‘গানার’রা।

মিউনিখে বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ নকআউট ম্যাচে সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়দের তালিকায় শীর্ষে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, করেছেন ৪ গোল। এরপর ৩ গোল নিয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে। ২টি করে গোল করেছেন আরদা গুলের, ভিনিসিয়ুস জুনিয়র, সের্হিও রামোস, সাদিও মানে এবং নেইমার।

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হ্যারি কেইন তাঁর শেষ পাঁচ ম্যাচে ৩ গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন। এটি প্রতিযোগিতার ইতিহাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোনো খেলোয়াড়ের সর্বাধিক টানা ম্যাচে অবদান রাখার রেকর্ড।

আলিয়াঞ্জ অ্যারেনায় মাত্র ছয় মিনিটেই বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ এমন এক রেকর্ড গড়েছে, যা আগে কখনো দেখা যায়নি। চ্যাম্পিয়নস লিগে নকআউট পর্বের ইতিহাসে এত দ্রুত দুই দলের গোল হওয়ার এটিই প্রথম ঘটনা।

১০

বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচের ৪২ মিনিটে রিয়ালের হয়ে গোল করেন এমবাপ্পে। এটি চলতি মৌসুমে তাঁর ৪০তম গোল। চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ে ম্যাচে এটি তাঁর ১০ম গোল। এর মধ্য দিয়ে এমবাপ্পে একটি ইতিহাসও গড়েছেন। চ্যাম্পিয়নস লিগের এক মৌসুমে অ্যাওয়ে ম্যাচে সর্বোচ্চ গোল (১০) এখন তাঁর।

২২

২২তম বারের মতো চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ, প্রতিযোগিতার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি ৩৩ বার সেমিফাইনাল নিশ্চিত করেছে ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

৫০

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সবচেয়ে বেশি গোল করেছেন হ্যারি কেইন, ৪২ ম্যাচে তাঁর গোল ৫০টি। এর পরই কিলিয়ান এমবাপ্পে। এই ফরাসি তারকা ৩৯ ম্যাচে করেছেন ৪০ গোল। তালিকায় তৃতীয় ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ড ৪৫ ম্যাচে গোল করেছেন ৩৩টি।

১৫

চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের তালিকায় শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৩-১৪ মৌসুমে রিয়ালের হয়ে ১৭ গোল করেন। সেই রোনালদোই আবার ২০১৫-১৬ মৌসুমে ১৬ গোল ও ২০১৭-১৮ মৌসুমে ১৫ গোল করে তালিকায় আরও দুবার জায়গা করে নেন। ১৫ গোলের করা খেলোয়াড়ের তালিকায় আগে থেকে রোনালদোর সঙ্গী ছিলেন করিম বেনজেমা (২০২১-২২, রিয়াল মাদ্রিদ) ও রবার্ট লেভানডফস্কি (২০১৯–২০, বায়ার্ন মিউনিখ), তাঁদের সঙ্গে এবার যোগ দিয়েছেন এমবাপ্পেও।