মেসির চোট আর্জেন্টিনা ও মায়ামির জন্য কতটা দুশ্চিন্তার

ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসিএএফপি

আর্জেন্টিনা জাতীয় দল ও ইন্টার মায়ামিকে দুঃসংবাদ দিয়েছেন লিওনেল মেসি। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে গতকাল বুধবার তিনি মায়ামির অনুশীলনে ছিলেন না। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গত শনিবার ইকুয়েডরের ক্লাব বার্সেলোনার বিপক্ষে মায়ামির প্রীতি ম্যাচে এই চোট পান তিনি। মেসির মাঠে ফেরার সম্ভাব্য সময়সীমা সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।

মায়ামির বিবৃতিতে বলা হয়, মেসির চোটের কারণে পুয়ের্তো রিকোয় ইন্দিপেন্দিয়েন্তে দেল ভালের বিপক্ষে প্রীতি ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডলে নিজের চোট নিয়ে মেসি বলেন, ‘ইকুয়েডরে সর্বশেষ ম্যাচে চোট পাই, যে কারণে দ্রুত মাঠ ছেড়েছি। এ কারণে ক্লাব এই ম্যাচটি মুলতবি রেখেছে। আশা করি, এই ম্যাচের সূচি পুনরায় ঠিক করা হবে এবং দ্রুতই দেখা হবে আপনাদের সঙ্গে।’

ইকুয়েডরের ক্লাব বার্সেলোনার বিপক্ষে ম্যাচে চোট পান মেসি
এএফপি

ইন্দিপেন্দিয়েন্তের বিপক্ষে প্রাক্‌–মৌসুমের এ ম্যাচ আগামী শুক্রবার হওয়ার কথা থাকলেও মেসির চোটের কারণে সূচি পাল্টে ২৬ ফেব্রুয়ারি ঠিক করা হয়েছে।
মায়ামি জানিয়েছে, ‘আগামী কয়েক দিনে মেসির শারীরিক অবস্থা ও উন্নতি দেখে’ ধীরে ধীরে তাঁর অনুশীলনে ফেরা নির্ভর করবে। ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেস এফসির মুখোমুখি হয়ে এমএলএসে নতুন মৌসুম শুরু করবে মায়ামি।

মেসির এই চোট নিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের দুশ্চিন্তার জায়গাও আছে। আগামী ২৭ মার্চ বাংলাদেশ সময় রাতে ফিনালিসিমায় স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা জাতীয় দল। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এমন চোট থেকে তার আগেই মেসির সুস্থ হয়ে ওঠার কথা। কিন্তু তাঁর সুস্থ হতে কত সময় লাগবে এবং আগামী কয়েক সপ্তাহে শারীরিকভাবে ৩৮ বছর বয়সী মেসি কতটা সাড়া দেন, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন

মায়ামির প্রাক্‌–মৌসুমের একদম শেষ দিকে এসে মেসির এই চোট আরও একটি প্রশ্ন তুলে দিয়েছে। ২০২৬ বিশ্বকাপে খেলা না খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতে এবারের এই প্রাক্‌–মৌসুমকে গুরুত্বপূর্ণ বলেছিলেন মেসি। এই চোট মেসির সেই সিদ্ধান্তে কোনো ভূমিকা রাখবে কি না, তা নিয়েও ভাবনার জায়গা আছে।

প্রাক্‌–মৌসুম কেমন কাটল মেসির

প্রতিবারের মতো বড়দিন আর্জেন্টিনার রোজারিওতে কাটানোর পর গত ১৭ জানুয়ারি ইন্টার মায়ামির হয়ে প্রাক্‌–মৌসুম শুরু করেন মেসি। এক সপ্তাহ পর প্রথম প্রীতি ম্যাচ খেলেন মাতুতে স্টেডিয়ামে পেরুর ক্লাব আলিয়ানজা লিমার বিপক্ষে, যেখানে তাঁর দল ৩-০ গোলে হেরে যায়। সে ম্যাচে ৬৩ মিনিটে মেসি বদলি হিসেবে মাঠ ছাড়েন।

মায়ামির দ্বিতীয় ম্যাচ কলম্বিয়ার মেডেলিনে গত ৩১ জানুয়ারি। সে ম্যাচে আতলেতিকো নাসিওনালের বিপক্ষে ২-১ গোলে জেতে হাভিয়ের মাচেরানোর দল। ৮৭ মিনিট মাঠে ছিলেন মেসি। এরপর গত শনিবার গুয়াকিলে বার্সেলোনার সঙ্গে ২-২ গোলে ড্র করে মায়ামি এবং এ ম্যাচেই মেসি চলতি বছরের প্রথম গোলটি করেন। কিন্তু মাঠ ছেড়ে যান ৫৮ মিনিটে। তখন মনে হয়েছিল মেসির সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতেই সিদ্ধান্তটি নিয়েছেন মায়ামি কোচ মাচেরানো। কিন্তু এখন জানা গেল, মেসি আসলে চোট পেয়েছেন।

আরও পড়ুন