রিয়াল মাদ্রিদের সাবেক কোচের অধীনে বিশ্বকাপ খেলবে ঘানা

ঘানার জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ কার্লোস কুইরোজ।কুইরোজের ইনস্টাগ্রাম

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ঘানার জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ পর্তুগিজ কার্লোস কুইরোজ। গতকাল ঘানা ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।

৭৩ বছর বয়সী কুইরোজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের ডাগ আউট সামলেছেন ২০০৩-০৪ মৌসুমে। আবার দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে স্যার অ্যালেক্স ফার্গুসনের সহকারী হিসেবেও কাজ করেছেন। জাতীয় দলের কোচ হিসেবে এটি তাঁর নবম দায়িত্ব, আর বিশ্বকাপে তিনি যাচ্ছেন চতুর্থবারের মতো।

আরও পড়ুন

মাত্র দুই সপ্তাহ আগে জার্মানির কাছে প্রীতি ম্যাচে ২-১ গোলে হারের পর বরখাস্ত হন ঘানার আগের কোচ ওটো আদ্দো। ঘানা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রস্তুতি নিতে কাল বিলম্ব না করে দ্রুতই কাজে নেমে পড়বেন কুইরোজ। তবে তাঁর চুক্তির মেয়াদ নিয়ে কিছু জানানো হয়নি।

জাতীয় দলের কোচ হিসেবে এটি কুইরোজের নবম দায়িত্ব, আর বিশ্বকাপে তিনি যাচ্ছেন চতুর্থবারের মতো
ইনস্টাগ্রাম

কুইরোজের কোচিং ক্যারিয়ার যেন এক যাযাবরের ডায়েরি। দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত, মিশর কিংবা কাতার—ফুটবল মানচিত্রের প্রায় সব প্রান্তেই নিজের ছাপ রেখেছেন তিনি। এমনকি এমএলএসের নিউইয়র্ক মেত্রোস্টার্স কিংবা পর্তুগালের স্পোর্টিং লিসবনের ডাগ আউটেও দেখা গেছে তাঁকে।

২০১০ সালে নিজ দেশ পর্তুগালকে নিয়ে গিয়েছিলেন বিশ্বমঞ্চে। এরপর ইরানকে নিয়ে গেছেন ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে। এমনকি দক্ষিণ আফ্রিকাকে ২০০২ বিশ্বকাপের টিকিট এনে দেওয়ার কারিগরও ছিলেন তিনি।

এবার বিশ্বকাপে ঘানা পড়েছে ‘গ্রুপ এল’-এ। প্রতিপক্ষ ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা।