বিশ্বকাপ ফাইনালের আগে সতীর্থদের বিশেষ উপহার দেন মেসি
বিশ্বকাপ ফাইনালের কয়েক দিন আগে আর্জেন্টিনা দলের সব খেলোয়াড়কে বিশেষ উপহার দিয়েছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের দেওয়া সেই বিশেষ উপহার সামনে নিয়ে এসেছেন দলটির ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা কেলসি-রোজ বাওয়ার্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে সেই পারসোনালাইজড মাতে সেটটি (মাতে নামের বিশেষ ভেষজ পানীয় পান করার জন্য ব্যবহৃত পাত্র ও আনুষঙ্গিক সামগ্রী) দেখান বাওয়ার্স।
আর্জেন্টিনার জার্সি গায়ে ভিডিওতে বাওয়ার্স একটি বাদামি রঙের ব্যাগ দেখান। ব্যাগটিতে ছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, বিশ্বকাপ ট্রফির ছবি এবং সামনে বড় করে লেখা ‘মার্কোস সেনেসি’।
ভিডিওর শুরুতে বাওয়ার্স বলেন, ‘তোমাদের দারুণ একটা জিনিস দেখাতে চাই। এটা মার্কোসের টুর্নামেন্ট থেকে পাওয়া একটি পারসোনালাইজড ব্যাগ। দেখো, এতে ওর নামও লেখা আছে।’ এরপর তিনি উপহারটির কথা ব্যাখ্যা করে বলেন, ‘এটি ওর মাতে পানের সেট। মেসি দলের সব খেলোয়াড়কে এটি উপহার দিয়েছেন।’
ব্যাগের ভেতরে ছিল সোনালি রঙের একটি স্ট্যানলি থার্মোস, যাতে আর্জেন্টিনা অধিনায়ক মেসির ব্র্যান্ডের লোগো ছিল। এ ছাড়া ছিল একটি মাতে পাত্র, এক প্যাকেট ইয়েরবা মাতে (মাতে তৈরির ভেষজ পাতা) এবং একটি ধাতব স্ট্র বা বোম্বিয়া, যার নিচে ছাঁকনি ও চামচের মতো অংশ যুক্ত থাকে।
বাওয়ার্স এরপর উপহারের সেটটি তাঁর কাছে থাকার কারণও ব্যাখ্যা করেন, ‘মার্কোস এটি নিরাপদে রেখে মায়ামিতে ফিরিয়ে নেওয়ার জন্য আমার কাছে দিয়েছিল।’ এরপর তিনি উপহারের সঙ্গে থাকা ইয়েরবা মাতের প্যাকেটটিও দেখান।
ভিডিওটি এরপর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।