ঘুরে দাঁড়িয়ে ব্রেন্টফোর্ডের মাঠে ড্র টটেনহামের

হইবিয়া ও কেইন। এ দুজনের গোলেই ব্রেন্টফোর্ডের মাঠে পিছিয়ে পড়েও ড্র করেছে টটেনহামরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একটা দারুণ জয়ের পথেই ছিল ব্রেন্টফোর্ড। বিশ্বকাপ-বিরতির আগে লিগে নিজের শেষ ম্যাচটায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল তারা। বিরতির পর আজ প্রথম ম্যাচেও ২-০ গোলে এগিয়ে গিয়েছিল টটেনহামের বিপক্ষে। কিন্তু শেষ পর্যন্ত জিততে পারেনি টমাস ফ্রাঙ্কের দল। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-২ সমতায় ম্যাচ শেষ করেছে আন্তোনিও কন্তের টটেনহাম। কোনো দল না জিতলেও বিশ্বকাপ শেষে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রত্যাবর্তনটা হলো জমজমাট এক ম্যাচ দিয়ে।

টনির গোলের পর ব্রেন্টফোর্ডের উল্লাস
রয়টার্স

বিশ্বকাপের জন্য লিগে বিরতি পড়ার সময় যে ছন্দে ছিল ব্রেন্টফোর্ড, ছয় সপ্তাহের বিরতি শেষে যেন সেখান থেকেই শুরু করল তারা। ১৫ মিনিটেই টটেনহামের জালে বল। বাঁ পাশ থেকে এমবুমো ক্রস বাড়িয়েছিলেন ডান দিকে ম্যাতিয়াস ইয়েনসেনের দিকে। তাঁর শট টটেনহামের গোলরক্ষক ফ্রেজার ফর্স্টার ঠেকিয়ে দিলেও নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি বল। ফিরতি শটে ভিটালি জানেল্ট এগিয়ে দেন ব্রেন্টফোর্ডকে।

৫৪ মিনিটে ব্রেন্টফোর্ডের পরের গোলটা হলো কর্নার থেকে আসা বলে। এমবুমোর কিক টটেনহামের বক্সে পড়ার পর ক্রিস্টিয়ান নরগার্ড হেড করে বল বাড়ান ফাঁকায় থাকা ইভান টনির দিকে। এমন সুযোগ কি আর টনি নষ্ট করেন!

ম্যাচ শেষে হ্যারি কেইন ও ইভান টনির আলিঙ্গন
রয়টার্স

প্রিমিয়ার লিগে এটা ছিল টনির ৫০তম ম্যাচ। এই ৫০ ম্যাচে ৩০টি গোলে অবদান রেখেছেন তিনি, করেছেন ২৩টি, করিয়েছেন ৭টি। প্রিমিয়ার লিগে নিজের প্রথম ৫০ ম্যাচ শেষে টনির চেয়ে বেশি গোলে অবদান অন্য কারও ছিল না। সমান ৩০ গোলে অবদান ছিল জেমি ভার্ডির।

দুই গোলে পিছিয়ে পড়া টটেনহাম খেলায় ফিরতে মরিয়া হয়ে উঠে। সুযোগটা আসে ম্যাচের ৬৫ মিনিটে। বাঁ পাশ থেকে ক্লেমঁ লংলে ক্রস বাড়ান ডানে হ্যারি কেইনের দিকে। ইংলিশ স্ট্রাইকারের দারুণ এক হেড যায় ব্রেন্টফোর্ডের জালে। প্রিমিয়ার লিগে এ নিয়ে বক্সিং ডে-তে ১০ গোল হলো কেইনের। তাঁর চেয়ে বেশি বক্সিং ডে গোল নেই অন্য কোনো খেলোয়াড়ের।

এর ছয় মিনিট পরেই আবার গোল। এবার বক্সের ভেতর কুলুসেভস্কির পাস ব্রেন্টফোর্ডের এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় পিয়েরে-এমিল হইবিয়ার কাছে। তিনি সহজ শটে বল পাঠান জালে।

সমতা ফেরানো টটেনহাম জেতার জন্যও শেষ মিনিট বিশেক বেশ চেষ্টা করেছে। তবে আর ভুল করেনি ব্রেন্টফোর্ড।