দ্রুততম গোলের ফাইনালে জিতে স্পেনের সবচেয়ে পুরোনো ট্রফি জিতল সোসিয়েদাদ
‘সমর্থকেরা তো বার্তা চায় না, চায় ট্রফি।’
আতলেতিকো মাদ্রিদ ফাইনালে হেরেছে, তাও টাইব্রেকারে। কোচ দিয়েগো সিমিওনেকে বলা হল হারের কষ্ট পাওয়া সমর্থকদের কোনো বার্তা দেবেন কি না। তখনই ওই জবাব আতলেতিকো কোচের। সেভিয়ার লা কার্তুজায় কাল রাতে কোপা দেল রের ফাইনালে রিয়াল সোসিয়েদাদের কাছে হেরেছে সিমিওনের দল।
নির্ধারিত নব্বই মিনিট ও অতিরিক্ত আধা ঘণ্টার খেলা ২-২ সমতায় শেষ হলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানে গোলকিপার উনাই মারেনোর দৃঢ়তায় ৪-৩ গোলে জিতে যায় সোসিয়েদাদ। এ নিয়ে চতুর্থবার কোপা দেল রে জিতল দলটি।
আতলেতিকো-সোসিয়েদাদের শিরোপানির্ধারণী ম্যাচটিতে হয়েছে কোপা দেল রে ফাইনাল ইতিহাসের দ্রুততম গোলের রেকর্ড। খেলা শুরুর ১৪ সেকেন্ডেই গোল করেন সোসিয়েদাদের ফরোয়ার্ড আন্দের ব্যারেনেশিয়া। তাঁর এই গোলে ভেঙেছে ৭৪ বছরের পুরোনো রেকর্ড। ১৯৫২ সালের কোপা দেল রে ফাইনালে ভ্যালেন্সিয়ার ম্যানুয়েল বাদেনেস গোল করেছিলেন ১৭ সেকেন্ডে।
শনিবার রাতের ফাইনালে সোসিয়েদাদের হয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল করেছেন মিকেল ওরিজাবাল। আর আতলেতিকোর হয়ে ১৮ মিনিটে আদেমোলা লুকমান ও ৮৩ মিনিটে হুলিয়ান আলভারেজ গোল করলে খেলা সমতায় শেষ হয়।
টাইব্রেকারে আতলেতিকোর আলেক্সান্ডার সরলথ ও আলভারেজের নেওয়া প্রথম দুটি শটই রুখে দেন সোসিয়েদাদ গোলকিপার। পরের তিনটি ঠিকঠাক করলেও শেষ পর্যন্ত এটিই শিরোপার পার্থক্য গড়ে দেয়। ১৯০৯, ১৯৮৭ ও ২০২০ সালের পর আবারও কোপা দেল রের ট্রফি জেতে সোসিয়েদাদ।
চার ট্রফির মধ্যে ১৯৮৭ আসরের সঙ্গে বেশ মিল আছে এবার। সে বারও ফাইনালে সোসিয়েদাদ আতলেতিকোকেই হারিয়েছিল। জারাগোজায় হওয়া সেই ফাইনালও ২-২ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে গড়িয়েছিল। শেষ পর্যন্ত জিতেছিল ৪-২-এ।
দুবার টাইব্রেকারের মাধ্যমে কোপা দেল রে জয়ের কীর্তিতে সোসিয়েদাদ দ্বিতীয় দল। রিয়াল বেতিসও দুবার (১৯৭৭ ও ২০২২) এভাবে স্পেনের সবচেয়ে পুরোনো ট্রফিটি জিতেছে। ১৯০৩ সালে শুরু হওয়া কোপা দেল রে ছাড়া স্পেনের সে সময়ের আর কোনো টুর্নামেন্ট এত দিন ধরে চালু নেই।