এল ক্লাসিকোর আগে রিয়ালকে ট্রল বার্সা সভাপতির

বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তাফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের প্রথম এল ক্লাসিকোটা হবে যুক্তরাষ্ট্রে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল নয়টায় লাস ভেগাসে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। হোক না প্রাক্-মৌসুম প্রস্তুতির প্রীতি ম্যাচ, এল ক্লাসিকো বলে কথা! এই ম্যাচের আগে তাই দুই দলের কথার লড়াই হচ্ছে; হচ্ছে মনস্তাত্ত্বিক লড়াইও।

মনস্তাত্ত্বিক সেই লড়াইয়ের অংশ হিসেবেই লাস ভেগাসে বিশাল এক ইলেকট্রনিক ব্যানার উন্মোচন করেছে বার্সেলোনা। হোয়ান লাপোর্তার প্রচারণা ব্যবস্থাপক লুইস কারাসকোর বানানো সেই ব্যানার দিয়ে মূলত ট্রল করা হয়েছে রিয়ালকে।
ব্যানারে লাপোর্তার একটি ছবি ভেসে ওঠে, সঙ্গে স্প্যানিশ ভাষায় কিছু লেখাও। সেই লেখার বাংলা মানে দাঁড়ায়, ‘দুশ্চিন্তা কোরো না মেরেঙ্গুস (রিয়াল মাদ্রিদ)। ভেগাসে যা–ই ঘটুক, সেটা ভেগাসেই থাকবে।’

আরও পড়ুন

ব্যানারের এ কথা দেখে যে কারও মনেই প্রশ্ন আসবে—রিয়াল মাদ্রিদকে কী খোঁচা দিতে চাইলেন লাপোর্তা? ব্যানারের এ লেখা দিয়ে লাপোর্তা আসলে গত মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়া এল ক্লাসিকোর ফলই রিয়ালকে মনে করিয়ে দিতে চেয়েছেন। সে ম্যাচে রিয়ালকে ৪-০ গোলে হারিয়েছিল জাভি হার্নান্দেজের বার্সেলোনা।

অনেক দিন ধরেই তীব্র আর্থিক সংকটে ভোগা বার্সেলোনায় নতুন মৌসুমের আগে প্রাণ ফিরে এসেছে মূলত রাফিনিয়া ও রবার্ট লেভানডোফস্কিকে দলে ভিড়িয়ে। আর্থিক সংকট মোচন করে নতুন মৌসুমের জন্য খেলোয়াড় কিনতে টিভিস্বত্বের মোট ২৫ শতাংশ বিক্রি করেছে বার্সা।

আরও পড়ুন

লাপোর্তা লিডস থেকে নিয়ে এসেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়াকে। তাঁর জন্য সব মিলিয়ে বার্সার খরচ ৬ কোটি ৮০ লাখ ইউরো। এ ছাড়া বায়ার্ন মিউনিখ থেকে লেভাকে নিয়ে আসতে আরও ৫ কোটি ইউরো খরচ করেছে ক্যাম্প ন্যুয়ের ক্লাবটি।

লেভার এখনো বার্সেলোনার হয়ে অভিষেক হয়নি। তবে প্রাক্-মৌসুম প্রস্তুতি ম্যাচে এমএলএসের দল ইন্টার মায়ামির বিপক্ষে দলের ৬-০ গোলে জেতা ম্যাচে রাফিনিয়ার বার্সার জার্সিতে অভিষেক হয়েছে। সে ম্যাচে নিজে একটি গোল করানোর পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি গোল।

সব মিলিয়ে লাপোর্তা এখন রিয়াল হুমকি দেওয়া বা ট্রল করার সাহস পাচ্ছেন!

আরও পড়ুন