ডিআর কঙ্গোর বিশ্বকাপ দলে কারা
২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআর কঙ্গো)। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরতে যাওয়া দলটির চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন কোচ সেবাস্তিয়ান দেসাব্রে। ডিআর কঙ্গোর বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ খেলোয়াড় গায়েল কাকুতা।
আগামী মাসে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্ব চলাকালীন ৩৫ বছরে পা দেবেন কাকুতা। গত দুই বছরে কঙ্গোর হয়ে তিনি খেলেছেন মাত্র দুটি ম্যাচ। বছরের শুরুতে মরক্কোয় অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসের চূড়ান্ত পর্বে বিকল্প হিসেবে তাঁকে দলে নেওয়া হয়েছিল।
তবে গত মার্চে মেক্সিকোয় অনুষ্ঠিত আন্তমহাদেশীয় প্লে-অফে জ্যামাইকাকে হারিয়ে দশম আফ্রিকান দেশ হিসেবে কঙ্গো যখন ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে, তখন কাকুতা দলে ছিলেন না। ফলে অনেকেই তাঁর ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন।
কাকুতা একসময় চেলসির উদীয়মান বিস্ময়বালক ছিলেন। কিশোর বয়সে ফ্রান্স থেকে তাঁর চেলসিতে যোগ দেওয়া নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তবে স্ট্যামফোর্ড ব্রিজে তিনি প্রত্যাশা অনুযায়ী জ্বলে উঠতে পারেননি। এর পর থেকে তিনি ৯টি ভিন্ন দেশের ১৫টি ক্লাবের হয়ে খেলেছেন। বর্তমানে তিনি গ্রিক ক্লাব লারিসায় খেলেন।
আজ দল ঘোষণার সময়ে কোচ বলেছেন, ‘আমরা সবাই প্রায় চার বছর ধরে একসঙ্গে আছি। বিশ্বকাপ কোনো পরীক্ষা-নিরীক্ষা বা খেলোয়াড় তৈরি করার জায়গা নয়।’ ১৯৭৪ সালের পর আবার বিশ্বকাপে ফিরে দলটির লক্ষ্য শেষ ৩২–এ যাওয়া। এ বিষয়ে কোচ বলেন, ‘আমরা আমাদের সেরা ফুটবলটা খেলতে চাই—লক্ষ্য প্রথম পর্ব পার হওয়া। আমি বিশ্বাস করি, এই সামর্থ্য আমাদের আছে।’
বিশ্বকাপে ডিআর কঙ্গো খেলবে ‘কে’ গ্রুপে—প্রতিপক্ষ পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তান।
ডিআর কঙ্গোর বিশ্বকাপ স্কোয়াড:
গোলকিপার: ম্যাথিউ ইপোলো, টিমোথি ফায়ুলু, লিওনেল এমপাসি
ডিফেন্ডার: ডিলান বাতুবিৎসিকা, রকি বুশিরি, গেডন কালুলু, স্টিভ কাপুয়াদি, জোরিস কায়েম্বে, আর্থার মাসুয়াকু, চ্যান্সেল এমবেম্বা, অ্যাক্সেল তুয়ানজেবে, অ্যারন ওয়ান-বিসাকা
মিডফিল্ডার: থিও বঙ্গোন্ডা, ব্রায়ান সিপেঙ্গা, মেশাক এলিয়া, গায়েল কাকুতা, ইডো কায়েম্বে, নাথানিয়েল এমবুকু, স্যামুয়েল মুতুসামি, এনগালায়েন মুকাউ, চার্লস পিকেল, নোয়াহ সাদিকি
ফরোয়ার্ড: সেড্রিক বাকাম্বু, সাইমন বানজা, ফিস্তোন মায়েলে, ইয়োয়ান উইসা।