ফারহানের জার্সি নিলে এক বছরের ‘নিষেধাজ্ঞা’, হুমকি শ্রীলঙ্কার কোচের
বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর জার্সি নিয়ে শ্রীলঙ্কা দলের খেলোয়াড়েরা চাইলে নিজেদের মধ্যে লড়াই করতে পারেন। তাতে অবশ্য আপত্তি নেই শ্রীলঙ্কার কোচ আবদুল্লাহ আল মুতাইরির।
কিন্তু বাংলাদেশের তরুণ ফরোয়ার্ড ফারহান আলীর জার্সি অন্য কারও নেওয়া চলবে না। সেটি যে তাঁর চাই! শুধু তা-ই নয়, ফারহানের জার্সি নেওয়ার চেষ্টা করলে নিজের দলের সেই খেলোয়াড়কে এক বছরের জন্য নিষিদ্ধ করার হুমকিও দিয়েছেন তিনি।
আগামীকাল ঢাকায় শুরু হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের তরুণ ফুটবলারকে নিয়ে এমন মজার মন্তব্য করেন মুতাইরি।
ফারহানকে নিজের প্রিয় খেলোয়াড় উল্লেখ করে মুতাইরি বলেন, ‘শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে ফারহানের জার্সি আমার চাই। দলের কোনো খেলোয়াড় যদি সেই জার্সি নেওয়ার চেষ্টা করে, তাহলে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করব। হামজা চৌধুরীর জার্সি নিয়ে তারা লড়াই করতে পারে, সেটা তাদের ব্যাপার!’
ফারহানকে নিয়ে মুতাইরির মুগ্ধতার অবশ্য আরও কারণ আছে। মুতাইরির বিশ্বাস, সুযোগ পেলে আগামী ১০ বছরেই দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় হয়ে উঠবেন ফারহান। শ্রীলঙ্কার কোচের কথায়, ‘আমি বিশ্বাস করি, সুযোগ পেলে আগামী ১০ বছরে ফারহান পুরো দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় হবে।’
১৯ বছর বয়সী ফারহান বর্তমানে ইংল্যান্ডের ক্লাব বোরহাম উডে ধারে খেলছেন। তাঁর মূল ক্লাব প্রিমিয়ার লিগের দল ফুলহাম।
সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা ও ভুটান। ৮ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে শ্রীলঙ্কা। এরপর ১১ নভেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে তারা। শ্রীলঙ্কা এখন পর্যন্ত একবারই সাফের শিরোপা জিতেছে, ১৯৯৫ সালে।