ব্রাজিল দলের শক্তিটা কোথায়, প্রতিপক্ষকে জানিয়ে দিলেন দানিলোই
ব্রাজিল দলে যেকোনো খেলোয়াড়ই যেকোনো জায়গায় খেলতে পারেন—কথাটা দলের রাইটব্যাক দানিলোর। চোট কাটিয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে তিনি ফিরেছিলেন। সেই ম্যাচে খেলেছেন লেফটব্যাক হিসেবে। তাঁর চোটের সময় রাইটব্যাকে খেলা মিলিতাও-কে আর সরাননি কোচ তিতে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচেও দলের প্রয়োজনে লেফটব্যাক পজিশনে খেলতে পারেন দানিলো। তাঁর মতে, এই যে যেকোনো জায়গায় খেলতে পারার সামর্থ্য ও ইচ্ছা, এটাই ব্রাজিল দলের শক্তি।
লেফটব্যাক আলেক্স সান্দ্রো পুরো ফিট নন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ফিরতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। না পারলে কোচ তিতে হয়তো দানিলোকে আবার লেফটব্যাকে খেলাতে পারেন।
দানিলোর এ নিয়ে আপত্তি নেই একেবারেই, ‘বাঁয়ে, ডানে, মাঝখানে কোনো জায়গায় খেলতেই আমার কোনো সমস্যা নেই। এটা আমার জন্য খুব স্বাভাবিক ব্যাপার। ব্রাজিল দলের সাফল্যের মূলই হচ্ছে যেকোনো খেলোয়াড়ের যেকোনো জায়গায় খেলার সামর্থ্য।’
দানিলো দারুণ খুশি নিজেদের দলের কোচিং স্টাফ নিয়ে, ‘কোচিং স্টাফরা দারুণ করছেন। তাঁরা খেলোয়াড়দের সেরাটাই বের করে আনার চেষ্টা করছেন। তাঁরা খুব পরিশ্রম করছেন খেলোয়াড়দের নিয়ে।’
যেকোনো খেলোয়াড়ের যেকোনো জায়গায় খেলতে পারাটাই ব্রাজিল দলের শক্তি বলে মনে করেন দানিলো, ‘খেলোয়াড়েরা যেকোনো জায়গায় খেলতে ইচ্ছুক। যদি প্রয়োজন হয়, তাহলে সেটি তারা করবে। ব্রাজিল দল এ ব্যাপারে সবার চেয়ে এগিয়ে আছে।’
খেলোয়াড়েরাও নিজেদের কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন বলে জানালেন দানিলো, ‘যারা প্রথম একাদশে খেলে, তারা যেভাবে ম্যাচের প্রস্তুতি নেয়, অন্যরাও ঠিক একইভাবে নেয়। প্রত্যেকেই জানে, তাদের দায়িত্বটা কী! আসলে এটা আমাদের কোচিং স্টাফের কারণেই সম্ভব হয়েছে।’