ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলা হচ্ছে না ওয়েসলির, বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা

ব্রাজিল দলে ডাক পাওয়া এদেরসনইনস্টাগ্রাম/এদেরসন

ঊরুর চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্রাজিলের ফুলব্যাক ওয়েসলি। তাঁর পরিবর্তে দলে ডাকা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে যাওয়া মিডফিল্ডার এদেরসনকে। ২৬ বছর বয়সী এদেরসন ২০২২ সাল থেকে ইতালির আতালান্তার হয়ে খেলছেন। ২০২৪ সালে জাতীয় দলে অভিষেকের পর মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে রোববার ভোরে মিসরকে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। ম্যাচের ১৫ মিনিটেই চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন রোমার ডিফেন্ডার ওয়েসলি। পরীক্ষা-নিরীক্ষার পর স্ক্যানে ২২ বছর বয়সী এই ফুটবলারের গুরুতর চোট ধরা পড়েছে। যা তাঁকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘এমআরআই স্ক্যানে ওয়েসলির বাঁ ঊরুর অ্যাডাক্টর পেশিতে চোট ধরা পড়েছে। এই চোটের ঘটনায় সিবিএফ হতাশা প্রকাশ করছে। ওয়েসলি দলের সবার কাছে খুবই প্রিয় একজন খেলোয়াড়। ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এগিয়ে চলা এই দলের অংশ হিসেবে সে সব সময় থাকবে।’

আরও পড়ুন

এদিকে ওয়েসলির চোটে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া এদেরসনের জন্য খবরটি ছিল একেবারেই অপ্রত্যাশিত। তাঁর নাম ঘোষণার সময় তিনি নিজ রাজ্য মাতো গ্রোসো দো সুলের রাজধানী কাম্পো গ্রান্দেতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন। এর আগের রাতেই তিনি মেক্সিকান ক্লাব টাইগার্স ইউএএনএলে খেলা সতীর্থ ফুটবলার রোমুলোর বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

ব্রাজিলিয়ান ফুলব্যাক ওয়েসলি
ইনস্টাগ্রাম/ওয়েসলি

বিশ্বকাপের জন্য ব্রাজিলের প্রাথমিক ৫৫ সদস্যের তালিকায় তাঁর নাম থাকলেও চূড়ান্ত দলে ডাক পাবেন বলে খুব একটা আশা করেননি এদেরসন। সে কারণেই কাম্পো গ্রান্দেতে যাওয়ার সময় পাসপোর্টও সঙ্গে নেননি, সেটি পড়ে ছিল রিও ডি জেনিরোতে।

রোববার সকালে হঠাৎ ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) থেকে ফোন আসে। সেখানেই জানতে পারেন, ওয়েসলির বদলি হিসেবে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। আনন্দের সেই মুহূর্ত কাটিয়ে এরপর দ্রুত যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি শুরু করতে হয় তাঁকে ও তাঁর পরিবারকে।

জাতীয় দলের সঙ্গে যোগ দিতে নিউ জার্সিতে পৌঁছানোর জন্য সাও পাওলো থেকে ফ্লাইট ধরার কথা ছিল এদেরসনের। তাই বন্ধুদের সহায়তায় রিও ডি জেনিরো থেকে তাঁর পাসপোর্ট দ্রুত সাও পাওলোতে পাঠানোর ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন

দলে ডাক পাওয়ার পর অভিনন্দনের শত শত বার্তার জবাব দিতে দিতেই রোববার দুপুরে কাম্পো গ্রান্দে থেকে সাও পাওলোর উদ্দেশে রওনা দেন এদেরসন। সেখান থেকে তাঁর যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার কথা। বাংলাদেশ সময় আজ বিকেলে ব্রাজিল দলের সঙ্গে যোগ দেওয়ার পর রাতেই জাতীয় দলের হয়ে প্রথম অনুশীলনে অংশ নেওয়ার কথা তাঁর।

বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার প্রতিক্রিয়ায় ইনস্টাগ্রামে এদেরসন লিখেছেন, ‘সৃষ্টিকর্তার পরিকল্পনা সব সময়ই আমার পরিকল্পনার চেয়ে বড়। বিশ্বের সেরা জাতীয় দলের অংশ হতে পেরে আমি গর্বিত ও সম্মানিত। ওয়েসলি, আমরা সব সময় তোমার পাশে আছি। চলুন, আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাই।’

আগামী রোববার ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।