উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরাই ছিলেন, নাকি অন্য কেউ

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অফিশিয়াল থিম সং পরিবেশন করেন শাকিরা ও বার্না বয়এএফপি

‘ওয়াকা ওয়াকা’ ছিল ২০১০ বিশ্বকাপের জন্য বানানো অফিশিয়াল সং। কিন্তু শাকিরার পরিবেশন করা গানটি এত বেশি জনপ্রিয় হয়ে ওঠে যে বিশ্বকাপের গান বলতেই এখনো অনেকের মনে প্রথমে ভেসে ওঠে ‘ওয়াকা ওয়াকা’।

সেই শাকিরাকেই আবার বিশ্বকাপের মঞ্চে দেখা গেল। এবার মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ‘দাই দাই’ গেয়েছেন কলম্বিয়ান এই শিল্পী। তবে এবার তাঁর পারফরম্যান্সের পাশাপাশি জন্ম দিয়েছে নতুন বিতর্কও। মঞ্চ মাতানোর কয়েক ঘণ্টার মধ্যে তাঁর পারফরম্যান্সের আলোচনা তো চলছেই, সঙ্গে উঠেছে একটি প্রশ্নও—মঞ্চে শাকিরাই কি গেয়েছেন, নাকি তাঁর ডামি?

নাইজেরিয়ার বার্না বয়ের সঙ্গে আজতেকাতেই এবারের বিশ্বকাপের অফিশিয়াল থিম সং প্রথমবার লাইভ পরিবেশন করেন শাকিরা। মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ঘণ্টা দেড়েক আগে হওয়া এই পরিবেশনাই ছিল সন্ধ্যার সবচেয়ে আলোচিত মুহূর্ত।

আবারও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম করেছেন শাকিরা
রয়টার্স

কিন্তু পারফরম্যান্স শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ভিন্ন এক আলোচনা। অনেকের দাবি, মঞ্চে থাকা গায়িকার চলাফেরা, শারীরিক ভঙ্গি ও মুখাবয়ব শাকিরার পরিচিত উপস্থিতির সঙ্গে পুরোপুরি মিলছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক মার্কা। সেখানে তুলে ধরা হয়, কিছু দর্শক শাকিরার উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন

একজন ব্যবহারকারী ‘দাই দাই’ গানের একটি নির্দিষ্ট স্টেপ মিস করার বিষয়টি তুলে ধরে দাবি করেন, মঞ্চে থাকা ব্যক্তি প্রকৃত শাকিরা নন, বরং তাঁর ‘ডামি’ বা প্রতিরূপ।
শুধু ওই নাচের স্টেপ নয়, আরও কয়েকটি বিষয়কে সন্দেহের কারণ হিসেবে দেখিয়েছেন কেউ কেউ। কারও কারও প্রশ্ন, পুরো পরিবেশনায় শাকিরা কেন গাঢ় রঙের সানগ্লাস পরে ছিলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ও হাস্যরসাত্মক পোস্ট ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হচ্ছে মঞ্চে আসল শাকিরার বদলে তাঁর একজন ‘বডি ডাবল’ পারফর্ম করেছেন।

শাকিবেকাকে অনেকে শাকিরার সঙ্গে মিলিয়ে ফেলেন
ইনস্টাগ্রাম/শাকিবেকা

অবশ্য শাকিরা সত্যিই আজতেকায় ছিলেন কি না, এমন সন্দেহের পেছনে আরেকটি কারণও উল্লেখ করেছে মার্কা। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় ‘শাকিবেকা’ নামে পরিচিত এক ভেনেজুয়েলীয় ছদ্মবেশী শিল্পী বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। শাকিবেকার চেহারা ও উপস্থিতি শাকিরার সঙ্গে এতটাই সাদৃশ্যপূর্ণ যে অনেক সময় মানুষ তাঁকে আসল শাকিরা ভেবেও ভুল করেছেন। আর সেই সাদৃশ্যই নতুন করে জল্পনাকল্পনায় ঘি ঢেলেছে।

এই গুঞ্জনের বিষয়ে এখন পর্যন্ত শাকিরা বা তাঁর টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।