আর্সেনালকে নাগালে রাখল সিটি, রিয়াল–বার্সা সমানে সমান

বার্সাকে চাপে রেখেছে রিয়ালএএফপি
ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোতে যতই দিন যাচ্ছে, বাড়ছে লড়াইয়ের উত্তাপ। লা লিগায় এক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে বার্সেলোনার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ। প্রিমিয়ার লিগে নাটকীয় জয় পাওয়া ম্যানচেস্টার সিটি নাগালের মধ্যে রাখল শীর্ষস্থানে থাকা আর্সেনালকে। সিরি ‘আ’তে দাপট ধরে রেখেছে ইন্টার মিলান। বুন্দেসলিগায় টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ে ফিরেছে ফেবারিট বায়ার্ন মিউনিখ। লিগ ‘আঁ’তে পিএসজিকে ভালোই চাপে রেখেছে লাঁস।

লা লিগা

লা লিগায় গতকাল রোববার রাতে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের পর বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের ব্যবধান মাত্র ১। রিয়ালের বতর্মান পয়েন্ট ২৩ ম্যাচে ৫৭। আগের রাতে মায়োর্কাকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া বার্সার পয়েন্ট ২৩ ম্যাচে ৫৮। দুই দলের এমন কাছাকাছি অবস্থান সামনের দিনগুলোয় কঠিন লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

প্রিমিয়ার লিগ

রোববার রাতে লিভারপুলের বিপক্ষে ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু এরপরই ঘুরে দাঁড়িয়ে শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় পেপ গার্দিওলার দল। এ জয়ে আর্সেনালের ওপর চাপ ধরে রাখতে পারল সিটি।

লিভারপুলের বিপক্ষে পয়েন্ট হারালে শিরোপা লড়াইয়ে বেশ পিছিয়ে যেত সিটি। কিন্তু এখন তারা নাগালের মধ্যেই রাখল আর্সেনালকে। ২৫ ম্যাচে সিটির পয়েন্ট ৫০, সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৫০; যারা নিজেদের ম্যাচে ৩-০ গোলে হারিয়েছিল স্যান্ডারল্যান্ডকে।

সিরি ‘আ’

সিরি ‘আ’তে ধীরে ধীরে অবস্থান শক্ত করছে ইন্টার মিলান। নিজেদের ম্যাচে সাসুলোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এই জয়ের ফলে ২৪ ম্যাচে ইন্টারের পয়েন্ট ৫৮। ৫০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এসি মিলান। মিলান অবশ্য এক ম্যাচ কম খেলেছে।

বুন্দেসলিগা

বুন্দেসলিগায় টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে একটু অস্বস্তিতে ছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু বড় জয়ে সেই অস্বস্তি ঝেড়ে ফেলল ভিনসেন্ট কোম্পানির দল।

হফেনহাইমের বিপক্ষে বায়ার্নের জয় ৫-১ গোলের বড় ব্যবধানে। এই জয়ে ২১ ম্যাচে শীর্ষে থাকা বায়ার্নের পয়েন্ট ৫৪। সমান ম্যাচে দুই নম্বরে আছে বরুসিয়া ডর্টমুন্ড, ২১ ম্যাচে যাদের পয়েন্ট ৪৮।

লিগ ‘আঁ’

লিগ আঁতে পিএসজিকে বেশ চাপে রেখেছে লাঁস। পিএসজির চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে দুই নম্বরে আছে তারা। রেঁনেকে ৩-১ গোলে হারানোর পর লাঁসের পয়েন্ট ২১ ম্যাচে ৪৯। সমান ম্যাচে পিএসজির পয়েন্ট ৫১, যারা নিজেদের ম্যাচে মার্শেইকে উড়িয়ে দিয়েছে ২-০ গোলে।