বিশ্বকাপ ঘিরে হংকংয়ে নকল জার্সির কারবার, আটক ৬

হংকংয়ে অভিযান চালিয়ে জব্দ করা নকল ফুটবল জার্সি ও অন্যান্য পণ্যএএফপি

হংকংয়ে বিশ্বকাপকে কেন্দ্র করে জাল পণ্য বিক্রির একটি চক্রের বিরুদ্ধে অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় প্রায় দুই কোটি মার্কিন ডলার মূল্যের নকল পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে হংকং কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ভাষ্য, জব্দ করা পণ্যের প্রায় ৮০ শতাংশই আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়েছিল।

শুল্ক কর্মকর্তারা জানান, অভিযানে প্রায় ২ লাখ ৩০ হাজার পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৩০ হাজার নকল জার্সিও রয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি ৬০ লাখ হংকং ডলার (প্রায় ১ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার)। জব্দ করা কিছু পণ্য হংকং ও মূল ভূখণ্ড চীনের মধ্যে সংযোগকারী সীমান্ত ক্রসিংগুলো থেকেও উদ্ধার করা হয়েছে।

হংকংয়ের মেধাস্বত্ব তদন্ত ব্যুরোর কর্মকর্তা ওয়েইন চুং জানিয়েছেন, ‘জব্দ করা জার্সিগুলোর অনেকগুলোই দেখতে ছিল “অত্যন্ত আসল পণ্যের মতো।” সাধারণ ক্রেতাদের পক্ষে নকল ও আসল জার্সির মধ্যে পার্থক্য করা খুবই কঠিন হবে।’

আরও পড়ুন

চুং আরও জানান, ‘কিছু জার্সিতে ইচ্ছাকৃতভাবে আসল কিটের কাপড়ে থাকা ত্রিমাত্রিক (৩ডি) টেক্সচার হুবহু নকল করা হয়েছে। আবার কিছু জার্সিতে ব্র্যান্ডের ট্যাগ লাগানো ছিল এবং সেগুলো আলাদাভাবে প্যাকেটজাতও করা হয়েছিল, যাতে সেগুলো আরও বেশি আসল বলে মনে হয়।’

জব্দ হওয়া আর্জেন্টিনার নকল জার্সি
এএফপি

হংকং কর্তৃপক্ষের মতে, ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় এসব চোরাচালান ও জাল পণ্যবাণিজ্যও বৃদ্ধি পেয়েছে। তারা সতর্ক করে জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে আইন প্রয়োগ ও নজরদারি আরও জোরদার করা হবে।

গত মার্চেও শুল্ক কর্মকর্তারা নকল জার্সির আরেকটি বড় চালান জব্দ করেছিলেন। সেই চালানের মধ্যে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিও ছিল।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত বিশ্বকাপের পর্দা উঠছে আজ রাতে। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই।