হ্যাটট্রিকে লেভানডফস্কির পেছনে রোনালদো, সামনে মেসি

জাতীয় দলের হয়ে আরেকটি হ্যাটট্রিক তুলে নিলেন লেভানডফস্কিএএফপি

লামিনে ইয়ামালকে কি মিস করেন রবার্ট লেভানডফস্কি? সম্ভবত। নইলে গতকাল রাতে হ্যাটট্রিক করেই কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে সাবেক বার্সেলোনা সতীর্থের মতো উদ্‌যাপন করবেন কেন!

ওয়ারশতে নেশনস লিগে রোমানিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেয় পোল্যান্ড। এ ম্যাচে ২৪ (পেনাল্টি), ৪৭ ও ৮৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক তুলে নেন পোলিশ কিংবদন্তি। শেষ গোলটির পর কর্নার ফ্ল্যাগ ধরে তাঁর কোমরে হাত দিয়ে উদ্‌যাপনে অনেকেরই হয়তো মনে পড়েছে বার্সা এবং স্পেন তারকা ইয়ামালকে।

পোল্যান্ডের জার্সিতে এটি লেভার সপ্তম হ্যাটট্রিক। ৩৮ বছর বয়সী স্ট্রাইকারকে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ হ্যাটট্রিকের রেকর্ড গড়তে আরও পাঁচটি হ্যাটট্রিক করতে হবে। ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১১টি হ্যাটট্রিক আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির। ছেলে ও মেয়ে মিলিয়ে ১২ হ্যাটট্রিক নিয়ে সবার ওপরে যুক্তরাষ্ট্র নারী দলের সাবেক স্ট্রাইকার অ্যালেক্স মরগান।

বয়স হয়ে গেলেও লেভার ধার এখনো কমেনি। হ্যাটট্রিকের পর তাঁর উদ্‌যাপন
এএফপি

ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে ১০ হ্যাটট্রিক নিয়ে দুইয়ে পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। রোমানিয়ার বিপক্ষে হ্যাটট্রিকে পর্তুগিজ কিংবদন্তির একটি রেকর্ডও ভাঙেন লেভানডফস্কি। নেশনস লিগে সবচেয়ে বেশি বয়সে হ্যাটট্রিকের রেকর্ড এখন তাঁর। গতকাল রাতে হ্যাটট্রিক করেছেন ৩৮ বছর ৪২ দিন বয়সে। ২০১৯ সালে ৩৪ বছর ১২০ দিন বয়সে রোনালদোর হ্যাটট্রিকের রেকর্ড ভাঙলেন লেভা।

আরও পড়ুন

ইউরোপের খেলোয়াড়দের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে নিজের সপ্তম হ্যাটট্রিকে হাঙ্গেরি কিংবদন্তি স্যান্ডর ককসিসের পাশে বসলেন গত জুনে বার্সা ছেড়ে এমএলএসের দল শিকাগো ফায়ারে যোগ দেওয়া লেভা। ইউরোপে জাতীয় দলের হয়ে হ্যাটট্রিকে চারজন খেলোয়াড় তাঁর চেয়ে এগিয়ে। রোনালদোর ১০ হ্যাটট্রিকের কথা তো আগেই বলা হলো। সুইডেনের হয়ে ৯টি হ্যাটট্রিক আছে সভেন রাইডেলের। ডেনমার্কের হয়ে পল নিয়েলসন ও জার্মানির হয়ে গার্ড মুলারের রয়েছে ৮টি করে হ্যাটট্রিক।

পোল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (১৭০) ও সবচেয়ে বেশি গোলের (৯২) রেকর্ডও লেভার। মালয়েশিয়ার মোক্তার দাহারিকে (১৪২ ম্যাচে ৮৯ গোল) পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছয়ে উঠে এলেন। ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় লেভানডফস্কি। ১৪৭ গোল নিয়ে সবার ওপরে রোনালদো। ৯৪ গোল নিয়ে দুইয়ে বেলজিয়াম তারকা রোমেলু লুকাকু।

আরও পড়ুন