ইউরোপীয় ফুটবল : একটিতে মীমাংসা, রইল বাকি চার
শেষ মুহূর্তে এসে ইউরোপের শীর্ষ ৫ লিগের শিরোপা লড়াই এখন নাটকীয় মোড় নিয়েছে। প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে আর্সেনালের হার পুরো দৃশ্যপট বদলে দিয়েছে। আর্সেনাল–সিটি দুই দলেরই এখন শিরোপা জয়ের সমান সুযোগ আছে।
সিরি ‘আ’তে ইন্টারের শিরোপা পুনরুদ্ধার করা এখন শুধুই সময়ের ব্যাপার। তবে বুন্দেসলিগায় ৪ ম্যাচ হাতে রেখে গতকাল রাতেই শিরোপা জয় নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে চ্যাম্পিয়নস লিগে দারুণ ছন্দে থাকা পিএসজি ঘরোয়া লিগে শিরোপা হাতছাড়া করার শঙ্কায় আছে।
ইংলিশ প্রিমিয়ার লিগ
ফুটবল–দুনিয়ায় গতকাল রাতে সবার চোখ ছিল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির ম্যাচের দিকে। লিগ শিরোপা নির্ধারণে এই ম্যাচকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছিল। এমন ম্যাচে স্বাগতিক সিটির কাছে ২–১ গোলে হেরে গেছে আর্সেনাল। এই হারের পর গানারদের শিরোপার স্বপ্নে বড় ধাক্কা লেগেছে।
গতকাল রাতের ম্যাচের পর আর্সেনালের পয়েন্ট ৩৩ ম্যাচে ৭০, সিটির পয়েন্ট ৩২ ম্যাচে ৬৭। এ পরিস্থিতিতে মৌসুম শেষে দুই দলের শিরোপা–ভাগ্য নির্ধারিত হতে পারে ন্যূনতম ব্যবধানে। এমনকি পয়েন্ট সমান হয়ে গেলে তাকাতে হতে পারে অন্য হিসাব–নিকাশগুলোর দিকেও।
ইতালিয়ান সিরি ‘আ’
সিরি ‘আ’তে টানা তিন জয়ে এখন শিরোপার অনেকটাই কাছে পৌঁছে গেছে ইন্টার মিলান। এমনকি পরের রাউন্ডেই শিরোপা জিতে ফেলতে পারে দলটি। সর্বশেষ ম্যাচে কালিয়ারির বিপক্ষে ইন্টার জিতেছে ৩–০ গোলে। এই জয়ের পর তাদের পয়েন্ট ৩৩ ম্যাচে ৭৮। সমান ম্যাচে এসি মিলানের পয়েন্ট ৬৬, যারা শেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছে। মিলানের মতো নাপোলির পয়েন্টও ৬৬। বর্তমান চ্যাম্পিয়ন নাপোলি সর্বশেষ ম্যাচে ২–০ গোলে হেরেছে লাৎসিওর কাছে।
জার্মান বুন্দেসলিগা
বুন্দেসলিগায় রোববার রাতে শিরোপার মীমাংসা হয়ে গেছে। ৪ ম্যাচ হাতে রেখে আলিয়াঞ্জ অ্যারেনায় শিরোপা–উৎসব করেছে ভিনসেন্ট কোম্পানির দল। আগের ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ড হারায় শিরোপা নিশ্চিত করতে গতকাল রাতে স্টুটগার্টের বিপক্ষে জিতলেই হতো বায়ার্নের। এমন ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও বায়ার্ন জিতেছে ৪–২ গোলে। এই জয়ের ফলে ৩৫তম বারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছে বাভারিয়ান ক্লাবটি।
ফ্রেঞ্চ লিগ ‘আঁ’
লিগ ‘আঁ’তে লিওঁর বিপক্ষে ঘরের মাঠে হেরে বেশ চাপে পড়েছে পিএসজি। গতকাল রাতে ব্রাজিলিয়ান তরুণ এনদ্রিকের নৈপুণ্যে ২–১ গোলে জিতেছে লিওঁ। এই হারের পর শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ২৮ ম্যাচে ৬৩। অন্যদিকে ৬২ পয়েন্ট নিয়ে পিএসজির ঘাড়ে নিশ্বাস ফেলছে লাঁস। দলটি অবশ্য পিএসজির চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে। এখন পিএসজির হাতে আছে ৬ ম্যাচ, লাঁসের ৫। হাতে থাকা বাকি ম্যাচগুলোতে কাঙ্ক্ষিত ফল না পেলে পিএসজির শিরোপা ধরে রাখার মিশন ভেস্তেও যেতে পারে।
স্প্যানিশ লা লিগা
লা লিগায় এই সপ্তাহে কোনো ম্যাচ হয়নি। লিগে এখনো ৭টি করে ম্যাচ বাকি। শীর্ষে থাকা বার্সেলোনা এখন দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে। অলৌকিক কিছুই এখন শুধু বার্সার কাছ থেকে শিরোপা কেড়ে নিয়ে রিয়ালের হাতে তুলে দিতে পারে। আগামী মঙ্গলবার রাতে ঘরের মাঠে আলাভেসকে আতিথ্য দেবে রিয়াল। বুধবার রাতে বার্সা খেলবে সেল্তা ভিগোর বিপক্ষে।