আজই পেলেকে ছাড়িয়ে যেতে চান নেইমার

ঘানার বিপক্ষে গোল পাননি নেইমারফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমারিওর পর রোনালদো নাজারিওকে অনেক আগেই ছাড়িয়ে গেছেন নেইমার। এবার তিনি ছুটছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পেলের রেকর্ডের দিকে। নেইমারের চেয়ে এখন আর খুব বেশি দূরে নন ফুটবলসম্রাট। ব্রাজিলের হয়ে পেলের গোল ৯২ ম্যাচে ৭৭টি। আর ৩ গোল পেলেই তাঁকে ছুঁয়ে ফেলবেন নেইমার।

ব্রাজিলের ফুটবলের এ সময়ের সবচেয়ে বড় তারকা নেইমার গোল করায় যে পেলেকে ছাড়িয়ে যাবেন, এ নিয়ে সংশয়ে থাকার মানুষ না পাওয়ারই কথা। তিনটি গোল করতে আর কয়টি ম্যাচইবা খেলতে হবে নেইমারকে!

খেলোয়াড়ি ব্রাজিলের সর্বােচ্চ গোলদাতা কিংবদন্তি পেলে
ফাইল ছবি

কিন্তু নেইমারের যেন কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে যেতে তর সইছে না। প্যারিসের পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে আজ তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচে কি হ্যাটট্রিক করে পেলেকে ছুঁয়ে ফেলতে পারবেন নেইমার? এমন এক প্রশ্নের উত্তরে তিনি পেলের রেকর্ড ভাঙতে নিজের মরিয়া ভাবের কথা জানিয়েছেন।

৩০ বছর বয়সী নেইমার সংবাদমাধ্যম টেলেফুটকে বলেছেন, ‘ঈশ্বর চাইলে...আমি তাঁকে ছাড়িয়ে যাওয়ার আশা করি। আমি সতীর্থদের সঙ্গে এ নিয়ে কথা বলব। আমি যেন রেকর্ডটা ভাঙতে পারি, এ জন্য সতীর্থদের বলব আমাকে সাহায্য করতে।’

ব্রাজিল তারকা নেইমার
ছবি: এএফপি

রেকর্ডটা আজই ভাঙতে হলে ৪ গোল করতে হবে নেইমারকে। ব্রাজিলের ১২০ ম্যাচে ৭৪ গোল করা নেইমার এখন পর্যন্ত চারটি হ্যাটট্রিক করেছেন। ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রথম হ্যাটট্রিকটি এসেছিল ২০১২ সালে, চীনের বিপক্ষে প্রীতি ম্যাচে। এরপর তিনি হ্যাটট্রিক করেছেন দক্ষিণ আফ্রিকা, জাপান ও পেরুর বিপক্ষে।

জাপানের বিপক্ষে হ্যাটট্রিকটি নেইমারের জন্য একটু বিশেষই। ২০১৪ সালের ওই প্রীতি ম্যাচে জাপানের বিপক্ষে ৪–০ ব্যবধানের জয়ের সব কটি গোলই যে তাঁর। এক ম্যাচে ৪ গোল করার অভিজ্ঞতা তাই নেইমারের আছেই। আজ তিউনিসিয়ার বিপক্ষে কি পারবেন! তাহলে যে এ ম্যাচেই পেলের রেকর্ড ভাঙার অপেক্ষাটা শেষ হয়!