চোটে বিশ্বকাপ শেষ, তুলে রাখলেন জাতীয় দলের জার্সিও
বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামার আগে বড় ধাক্কা জাপানের। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের তিন দিন আগে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন অধিনায়ক ওয়াতারু এন্দো। এরপর ৩৩ বছর বয়সী এই ফুটবলার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
পায়ের চোট থেকে সেরে না ওঠায় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ান লিভারপুলের এই মিডফিল্ডার। জাপানের বিশ্বকাপ স্কোয়াডে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন বরুসিয়া মনশেনগ্লাডবাখের শুতো মাচিনো।
এন্দো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, বিশ্বকাপে খেলতে না পারায় তিনি ‘হতাশ’। তবে ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস, তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে তাঁর দল ভালো করবে বলে বিশ্বাস করেন। রোববার রাতে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে জাপান।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এন্দো লিখেছেন, ‘ভবিষ্যতে এমন একটা সময় নিশ্চিতভাবেই আসবে, যখন জাপান বিশ্বকাপ জিতবে। তাই আসুন আমরা সেই বিশ্বাস রাখি এবং দলকে সমর্থন জোগাই।’ এন্দো যোগ করেন, ‘আসুন আমরা জাপানের সব শক্তি একসুতায় বাঁধি, যেন উত্তর আমেরিকার এই টুর্নামেন্টেই সেই মাহেন্দ্রক্ষণ চলে আসে।’
জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে এন্দো লিখেছেন, ‘আমি জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে সাধারণ একজন সমর্থক হিসেবে আমি জাপানকে সমর্থন করে যাব।’
গত ফেব্রুয়ারিতে লিভারপুলের হয়ে সান্ডারল্যান্ডের বিপক্ষে খেলার সময় পায়ে চোট পান এন্দো, এরপর মৌসুমের বাকি সময় খেলতে পারেননি।
কিন্তু গত ৩১ মে টোকিওতে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে জাপানের জার্সিতে তিনি মাঠে ফেরেন।
সেই ম্যাচে প্রথমার্ধের পর এন্দোকে তুলে নেওয়া হয়। মেক্সিকোতে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে দলের সঙ্গে থাকলেও এন্দো অস্বস্তি বোধ করছিলেন। সেখানে মূল অনুশীলনের কোনো সেশনেই তিনি অংশ নেননি।
গত সোমবার জাপান দল বিশ্বকাপে তাদের বেজক্যাম্প ন্যাশভিলে পৌঁছানোর পর অনুশীলনে যোগ দিয়েছিলেন এন্দো। তবে টুর্নামেন্টের গতি ও তীব্রতার সঙ্গে মানিয়ে নেওয়ার মতো পুরোপুরি ফিট হতে পারেননি।
এন্দো বলেন, ‘চোট পাওয়ার পর থেকে ফিট হতে আমি সাধ্যমতো সবকিছুই করেছি, তাই আমার কোনো অনুশোচনা নেই। অবশ্যই এই বিশ্বকাপে খেলতে না পারায় আমি হতাশ। তবে তার চেয়েও বড় কথা, কাতার বিশ্বকাপের পর থেকে এই দলটিকে নেতৃত্ব দিতে পেরে এবং দলটিকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করতে পেরে আমি গর্বিত, যেখানে আমাদের লক্ষ্য যে বিশ্বকাপ জয়—সেটি বুক ফুলিয়ে বলা যায়।’
২০১৫ সালে জাপানের হয়ে অভিষেক হয় এন্দোর। দেশের হয়ে ৭৩ ম্যাচে ৪ গোল করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি। এন্দো ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে জাপান দলে ছিলেন। কাতার বিশ্বকাপে জার্মানি ও স্পেনের বিপক্ষে জাপানের ঐতিহাসিক জয়েও মাঠে ছিলেন। চলতি বিশ্বকাপে এন্দোর পরিবর্তে জাপান দলকে নেতৃত্ব দেবেন ডিফেন্ডার কো ইতাকুরা।
বিশ্বকাপের আগে চোটের ধাক্কায় জর্জর জাপান দল। কোচ হাজিমে মরিয়াসু চূড়ান্ত দল ঘোষণার এক সপ্তাহের কম সময় আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে ছিটকে যান ব্রাইটনের উইঙ্গার কাওরু মিতোমা। গত ডিসেম্বরে বাঁ হাঁটুর এসিএল ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ দলে জায়গা পাননি মোনাকোর তাকুমি মিনামিনোও।