ফিনালিসিমা বাতিল হওয়ায় সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্পেন
ইউরো চ্যাম্পিয়ন স্পেন ২৭ মার্চ প্রীতি ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে। ফিনালিসিমা ম্যাচ বাতিল হওয়ায় এর বিকল্প হিসেবে সার্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে স্পেন। কাতারে ফিনালিসিমা ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল স্পেনের, যা আংশিকভাবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাতিল করা হয়।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় দল কঠিন ম্যাচে বলকান দলের বিরুদ্ধে খেলতে কাস্তেয়ন শহরে যাবে।’ সার্বিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিয়ারিয়ালের মাঠ দে লা সেরামিকা স্টেডিয়াম, যে মাঠটি এল মাদ্রিগাল নামেই বেশি পরিচিত।
দোহায় লিওনেল মেসি-হুলিয়ান আলভারেজদের আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল স্পেনের। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে হামলা করলে যুদ্ধ শুরু হয় এবং সে কারণে আয়োজকেরা ফিনালিসিমা ম্যাচের নতুন ভেন্যু ও তারিখ ঠিক করার চেষ্টায় ছিলেন।
ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) জানিয়েছে, আর্জেন্টিনা প্রস্তাবিত বিকল্পগুলোর একটিও মেনে না নেওয়ায় ম্যাচটি বাতিল করা হয়। ২০২২ সালের ফিনালিসিমায় ইতালিকে হারিয়েছিল আর্জেন্টিনা। এই ম্যাচে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন মুখোমুখি হয়।
কাতারে ৩০ মার্চ মিসরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা স্পেনের। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে লুইস দে লা ফুয়েন্তের দল এখনো মিসরের বিপক্ষে ম্যাচটি স্পেনের অন্য কোনো ভেন্যুতে এবং নির্ধারিত তারিখের এক দিন পরে ম্যাচটি খেলতে চায়।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ ফুটবল। স্পেন এবার বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল।