উত্তর আমেরিকায় বিশ্বকাপ জিততে পারবে কি ইউরোপ

২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশেএএফপি

উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডায় চলছে বিশ্বকাপের ২৩তম আসর। তিন দেশ মিলিয়ে বিশ্বকাপ আয়োজন প্রথম হলেও, স্বাগতিক দুই দেশ যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর অভিজ্ঞতা আছে আয়োজনের। আলাদা আলাদা করে তিনবার আয়োজন করলেও উত্তর আমেরিকা থেকে কখনোই বিশ্বকাপ নিয়ে যেতে পারেনি ইউরোপ। সেই ইতিহাস কি এবার পাল্টাবে?

উত্তর আমেরিকায় প্রথমবারের মতো বিশ্বকাপ হয় ১৯৭০ সালে। মেক্সিকোর সেই বিশ্বকাপ অবিস্মরণীয় হয়ে আছে পেলের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে পেলে জিতে নিয়েছিলেন নিজের তৃতীয় বিশ্বকাপ। ইতালিকে হারিয়ে জুলে রিমে ট্রফি আজীবনের জন্য নিজেদের করে নেয় ব্রাজিল।

মাত্র ১৬ বছরের মাথায় আবারও বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় মেক্সিকো। ১৯৮৬ বিশ্বকাপ কিন্তু আয়োজনের কথা ছিল কলম্বিয়ার। কিন্তু বিশ্বকাপ আয়োজনের বিশাল খরচের বোঝা বহন করতে না পারায় ১৯৮২ সালেই সরে দাঁড়ায় তারা। আয়োজনের মাত্র তিন বছর আগে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব তুলে দেওয়া হয় মেক্সিকোর কাঁধে।

মেক্সিকোর সেই বিশ্বকাপ নিজের করে নিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। ‘হ্যান্ড অব গড’ আর ‘গোল অব দ্য সেঞ্চুরি’ করে ম্যারাডোনা জায়গা করে নিয়েছিলেন পুরো পৃথিবীর মনে। সেবার ফাইনালে জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নেয় আর্জেন্টিনা। আর্জেন্টিনা নিজেদের দ্বিতীয় শিরোপা নিয়ে ফিরেছিল উত্তর আমেরিকা থেকে।

বাজ্জোর সেই পেনাল্টি মিস। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম আইকনিক দৃশ্য।
ওয়ার্ল্ড সকার

আট বছর পর বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় যুক্তরাষ্ট্র। তবে ১৯৯৪ বিশ্বকাপ যতটা না স্মরণীয় হয়ে আছে জয়ের জন্য, তার থেকে বেশি রয়েছে পরাজয়ের জন্য। বিশ্বকাপ ফাইনালে রবার্তো বাজ্জোর পেনাল্টি মিস এখনো কাঁদায় ইতালিয়ানদের। সেই পেনাল্টির জন্য নিজেকে এখনো ক্ষমা করতে পারেননি তিনি। বাজ্জোর সেই পেনাল্টি মিস দিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতে নেয় ব্রাজিল। উত্তর আমেরিকা থেকে আবারও হতাশ হয়ে ফিরতে হয় ইউরোপিয়ানদের।

আরও পড়ুন

ইউরোপিয়ানরা যে শুধু উত্তর আমেরিকা থেকেই হতাশ হয়ে ফিরেছে, তা কিন্তু নয়। দক্ষিণ আমেরিকা থেকেও কিন্তু বারবার হতাশ হয়ে ফিরতে হতো ইউরোপিয়ানদের। পাঁচবার বিশ্বকাপ আয়োজন করা হয়েছে দক্ষিণ আমেরিকায়, এর প্রথম চারবারই জিতেছে দক্ষিণ আমেরিকার দলগুলো। ২০১৪ সালে পঞ্চম চেষ্টায় দক্ষিণ আমেরিকা জয় করে ইউরোপের দল জার্মানি। ব্রাজিলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতে নেয় জার্মানি। আমেরিকায় আয়োজন করা কোনো বিশ্বকাপ থেকে সেবারই প্রথম শিরোপা ছিনিয়ে নেয় ইউরোপিয়ান কোনো দল।

২০১৪ বিশ্বকাপ জিতেছে জার্মানি
ইনস্টাগ্রাম

দক্ষিণ আমেরিকার ‘ব্লক’ কাটালেও উত্তর আমেরিকা থেকে জেতা এখনো বাকি ইউরোপের। দেখা যাক, তিন দেশ মিলিয়ে আয়োজন করা বিশ্বকাপ জিতে ‘ উত্তর আমেরিকা ব্লক’ কাটাতে পারে কি না দেশগুলো?

আরও পড়ুন