পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলা ক্রিকেটার এবার যুক্তরাষ্ট্র দলে
২০১৫ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান–অস্ট্রেলিয়ার ম্যাচটিকে সবাই মনে রেখেছে ওয়াহাব রিয়াজের দুর্দান্ত একটি স্পেলের কারণে। অনেকের কাছে শেন ওয়াটসনের বিপক্ষে ওয়াহাবের সেই বোলিং বিশ্বকাপের অন্যতম সেরা স্পেলগুলোর একটি।
সেদিন ওয়াহাব রিয়াজের সঙ্গে বল হাতে জুটি বেঁধেছিলেন এহসান আদিল নামের এক তরুণও। সে সময়ের আরেক তরুণ স্টিভ স্মিথকে আউট করা ছাড়া আর কিছু করতে পারেননি বলে তাঁকে সেভাবে কেউ মনেও রাখেনি।
এক দশকের বেশি সময় পর সেই আদিলই এখন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলে। আর ডাকও পেয়েছেন এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্র তাঁরই জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায়। আজ সন্ধ্যায় কলম্বোয় টি–টুয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান–যুক্তরাষ্ট্র। তার আগে গতকাল বদলি খেলোয়াড় হিসেবে আদিলকে যুক্তরাষ্ট্র দলে খেলার অনুমোদন দিয়েছেন বিশ্বকাপের টেকনিক্যাল কমিটি।
পাকিস্তানের হয়ে মোট ৬টি ওয়ানডে ও ৩টি টেস্ট খেলেছিলেন আদিল। টেস্টে ৫ উইকেট আর ওয়ানডেতে ৪ উইকেটে আটকে গেছে তাঁর পাকিস্তান ক্যারিয়ার। ওয়ানডের সেরা বোলিং ২০১৫ বিশ্বকাপে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১ রানে ১ উইকেটই।
এবার তিনি যুক্তরাষ্ট্রের হয়ে টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় জসদীপ সিংয়ের বদলি হিসেবে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন জসদীপ। কয়েক দিন অপেক্ষা করেও তাঁকে খেলাতে পারার সম্ভাবনা উজ্জ্বল না হওয়ায় পরিবর্তন আনতে হয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলকে।
আদিলের খেলার বিষয়টি নিশ্চিত করে আইসিসি এক বিবৃতিতে বলেছে, ‘আইসিসি পুরুষ টি–টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর ইভেন্ট টেকনিক্যাল কমিটি যুক্তরাষ্ট্র দলে জসদীপ সিংয়ের বদলি হিসেবে এহসান আদিলকে অনুমোদন দিয়েছে।’
পাকিস্তানের হয়ে টেস্ট ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও এখনো যুক্তরাষ্ট্রের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি আদিল। তবে কমিটির অনুমোদনের পর দলে যোগ দেওয়ার যোগ্যতা পেয়েছেন তিনি।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়কে বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করতে হলে ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন বাধ্যতামূলক।