মেসির বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার
ম্যাচে তখন ১৭ মিনিট। প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শট নিলেন লিওনেল মেসি, মুহূর্তেই বল জড়িয়ে গেল জালে। এবার বিশ্বকাপে আর্জেন্টিনা ও মেসির প্রথম গোল। বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইন সমর্থক যখন উল্লাসে মেতে উঠেছেন, ঠিক তখনই টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়ল এক ভিন্ন দৃশ্য—মেসির চোখে জল।
সবার তখন একটাই প্রশ্ন, বিশ্বকাপ জিতে আগেই স্বপ্নপূরণ করা মেসি কেন কাঁদছেন? এটি কি বিশ্বকাপে গোল করার আনন্দ, নাকি অন্য কোনো কারণে? ম্যাচ শেষে মেসি জানালেন, কারণটা ফুটবলীয় নয়; ব্যক্তিগত।
সেই কারণটা মেসি খোলাসা না করলেও আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো বিষয়টি সামনে নিয়ে আসে। তারা জানায়, অসুস্থ বাবার জন্যই মূলত মেসি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে কেঁদেছেন। এবার মেসির পরিবারও নিশ্চিত করল বিষয়টি। পাশাপাশি মেসির বাবা হোর্হে মেসির স্বাস্থ্য উন্নতির দিকে বলেও জানিয়েছে তারা।
পরিবারের পক্ষ থেকে ইএসপিএনকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তিনি (হোর্হে মেসি) চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন এবং তাঁর বর্তমান শারীরিক অবস্থার ইতিবাচক উন্নতি হচ্ছে।’
একই সঙ্গে হোর্হে মেসির শারীরিক অবস্থা নিয়ে সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া নানা গুঞ্জন ও জল্পনাকল্পনাও নাকচ করেছে মেসি পরিবার। তারা জানিয়েছে, আনুষ্ঠানিক সূত্র থেকে প্রকাশিত তথ্য ছাড়া অন্য কোনো খবরের সত্যতা নেই।
বিবৃতিতে আরও বলা হয়, ‘গত কয়েক ঘণ্টায় যে ধরনের দাবি, গুজব ও অনুমানভিত্তিক খবর ছড়ানো হয়েছে, তাতে আমরা গভীরভাবে হতাশ। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয় হওয়া সত্ত্বেও কিছু মানুষ যে সংবেদনশীলতা, সম্মানবোধ ও ন্যূনতম বিবেচনার অভাব দেখিয়েছেন, তাতে আমরা অত্যন্ত অসন্তুষ্ট।’
মেসি পরিবারের বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা পরিষ্কার করে জানাতে চাই যে হোর্সে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য কেবল তাঁর নিকটতম পরিবারের সদস্যদের কাছেই রয়েছে। তাই পরিবার বা তাদের আনুষ্ঠানিক মাধ্যম থেকে প্রকাশিত নয়—এমন কোনো বক্তব্য, তথ্য বা দাবি সত্য বলে গণ্য করা উচিত নয়। এমন পরিস্থিতিতে আমরা সবাইকে দায়িত্বশীলতা, সংযম এবং মানবিকতা প্রদর্শনের আহ্বান জানাই।’
বিবৃতিতে যাঁরা ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করে পাশে ছিলেন, তাঁদের প্রতি ধন্যবাদও জানানো হয়, ‘এই কঠিন সময়ে যাঁরা ভালোবাসা, শ্রদ্ধা ও উদ্বেগ প্রকাশ করেছেন, তাঁদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে হোর্হে মেসি ও তাঁর পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা এবং পারিবারিক পরিসরকে সম্মান করার অনুরোধ করছি। পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো নতুন তথ্য থাকলে পরিবার যথাসময়ে উপযুক্ত মাধ্যমের মাধ্যমে তা জানিয়ে দেবে।’
আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে ৩–০ গোলে জেতে আর্জেন্টিনা। জয়ের পর মাঠের কান্না নিয়ে মেসি বলেন, ‘সত্যি বলতে, ফুটবলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ব্যক্তিগত কারণে গত কয়েকটা দিন আমার বেশ কঠিন কেটেছে। আমি দলের সবার প্রতি কৃতজ্ঞ। বরাবরের মতোই তারা সব সময় আমার পাশে ছিল। এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য তারা আমাকে প্রচুর শক্তি জুগিয়েছে, ব্যস এটুকুই।’
মেসির আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে ২২ জুন রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে।