ইউরোপিয়ান গোল্ডেন শু জেতা ‘কেইনকে কেনার টাকা নেই বার্সার’

সময়টা এখন কেইনেররয়টার্স

‘বায়ার্ন মিউনিখ এমন একটি ক্লাব, যারা খেলোয়াড় কেনে—বিক্রি করে না। বার্সেলোনা হ্যারি কেইনকে নিতে আগ্রহ দেখাচ্ছে? তাদের উদ্দেশে এটাই আমাদের জোরালো জবাব।’ বায়ার্ন মিউনিখ সভাপতি উলি হোয়েনেসের এমন মন্তব্য যেন পুরো মৌসুমে বায়ার্ন মিউনিখ ও হ্যারি কেইনের পারফরম্যান্সের প্রতিচ্ছবি।

২০২৫–২৬ মৌসুমটা দুর্দান্ত কাটিয়েছে বায়ার্ন। গতকাল রাতে জার্মান কাপের ফাইনালে স্টুটগার্টকে ৩-০ গোলে হারায় তারা। ম্যাচে হ্যাটট্রিক করেন কেইন। এই জয়ে ২০১৯-২০ মৌসুমের পর প্রথমবারের মতো জার্মান কাপ জিতল বায়ার্ন। সব মিলিয়ে এটি তাদের ২১তম শিরোপা, যা টুর্নামেন্ট ইতিহাসে সর্বোচ্চ।

এরই মধ্যে বুন্দেসলিগা নিশ্চিত করা বায়ার্ন জার্মান কাপ জিতে ছয় বছর পর আবারও ‘ডাবল’ জয়ের কীর্তি গড়ল। ট্রেবল না পাওয়ার আক্ষেপ ছাড়া মৌসুমটা প্রায় নিখুঁতই ছিল তাদের জন্য। উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পিএসজির কাছে হেরে বিদায় নিতে হয়েছিল বায়ার্নকে।

আরও পড়ুন

তবে লিগে তারা গড়েছে একের পর এক রেকর্ড—২৮ জয়, ৫ ড্র ও মাত্র ১ হারে ৮৯ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। পাশাপাশি এক মৌসুমে সর্বোচ্চ ১২২ গোল করার রেকর্ডও ভেঙেছে তারা। ভিনসেন্ট কোম্পানির অধীনে টানা দ্বিতীয় শিরোপা জিতে বায়ার্ন যেন নতুন এক যুগের সূচনা করেছে।

হ্যারি কেইন যেন গোলের রাজা
রয়টার্স

বায়ার্নের এমন অপ্রতিরোধ্য পারফরম্যান্সের মূল নায়ক ছিলেন হ্যারি কেইন। গতকাল রাতে হ্যাটট্রিকের পর কেইনের গোলসংখ্যা ৫১ ম্যাচে ৬১, যা এক মৌসুমে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড। তিনি বুন্দেসলিগায় করেছেন ৩৬ গোল, জার্মান কাপে ১০, জার্মান সুপার কাপে ১ এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগে ১৪ গোল। আর জার্মান কাপের ইতিহাসে মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে টুর্নামেন্টের প্রতিটি রাউন্ডে গোল করার কীর্তিও গড়েছেন তিনি। সব মিলিয়ে নিখুঁত এক মৌসুম কাটালেন কেইন।

এদিকে লিগে ৩৬ গোল করার মধ্য দিয়ে ইউরোপিয়ান গোল্ডেন শু নিজের করে নিয়েছেন কেইন, যেখানে তাঁর পয়েন্ট সর্বোচ্চ ৭২। দ্বিতীয় স্থানে থাকা আর্লিং হলান্ডের পয়েন্ট ২৭ গোলে ৫৪ আর তিনে থাকা কিলিয়ান এমবাপ্পের পয়েন্ট ২৫ গোলে ৫০।

এমন উল্লাস কেইন প্রায় প্রতি ম্যাচেই করেছেন
রয়টার্স

মৌসুম শেষে বিদায় নিতে যাওয়া রবার্ট লেভানডফস্কির সম্ভাব্য বিকল্প হিসেবে হ্যারি কেইনকে নজরে রেখেছে বার্সেলোনা। তবে সেই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দিয়েছেন হোয়েনেস। নিজেদের অনাগ্রহের পাশাপাশি বার্সেলোনার আর্থিক অবস্থাকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘তার ওপর বার্সেলোনার তো সেই টাকা নেই।’