ক্রিস্টাল প্যালেস থেকে জানুয়ারিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর নিজের প্রথম গোলের দেখা পেলেন মার্ক গেহি। তাঁর গোলেই এফএ কাপের চতুর্থ রাউন্ডে ‘পুঁচকে’ স্যালফোর্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছে পেপ গার্দিওলার দল। তবে দিনের অন্য ম্যাচে তৃতীয় স্তরের দল ম্যানসফিল্ডের কাছে হেরে বড় অঘটনের শিকার হয়েছে প্রিমিয়ার লিগের দল বার্নলি।
ইতিহাদ স্টেডিয়ামে সিটির জয়টা যতটা সহজ হওয়ার কথা ছিল, বাস্তবে হয়েছে তার উল্টো। আলফি ডরিংটনের আত্মঘাতী গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল সিটি। কিন্তু চতুর্থ স্তরের দল স্যালফোর্ডের বিপক্ষে ব্যবধান বাড়াতে ঘাম ঝরাতে হয়েছে তাদের। ম্যাচের ৮১ মিনিটে রায়ান শেরকির পাস থেকে ট্যাপ-ইনে জালের দেখা পান ডিফেন্ডার গেহি। সিটির জার্সিতে এটিই তাঁর প্রথম গোল।
ম্যানচেস্টার ইউনাইটেডের দুই কিংবদন্তি গ্যারি নেভিল ও ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাব স্যালফোর্ড এবারই প্রথম এফএ কাপের চতুর্থ রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে। গতবার তৃতীয় রাউন্ডে এই সিটির কাছেই তারা ০-৮ গোলে বিধ্বস্ত হয়েছিল। তবে এবার লড়াইটা ছিল সমানে সমান।
ম্যাচের মাত্র ৬ মিনিটে রায়ান আইত-নুরির ক্রস ওমার মারমুশের দিকে যাওয়ার পথে ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন স্যালফোর্ডের ডরিংটন। সিটি ভক্তরা বড় জয়ের আশায় থাকলেও প্রথমার্ধে প্রতিপক্ষের গোলমুখে একটি শটও নিতে পারেনি গার্দিওলার শিষ্যরা। উল্টো বেন উডবার্ন ও কেলি এন’মাইয়ের আক্রমণ রুখে দিয়ে সিটিকে রক্ষা করেন গোলরক্ষক জেমস ট্রাফোর্ড।
এদিকে দিনের অন্য ম্যাচে টার্ফ মুরে বড় অঘটন ঘটিয়েছে ম্যানসফিল্ড। প্রিমিয়ার লিগের দল বার্নলিকে ২-১ গোলে হারিয়ে ১৯৭৫ সালের পর প্রথমবারের মতো এফএ কাপের পঞ্চম রাউন্ডে জায়গা করে নিয়েছে তারা। মাঝ সপ্তাহে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেও, আজ একাদশে ৯টি পরিবর্তন এনে বড় জুয়া খেলেছিলেন বার্নলি কোচ স্কট পার্কার। শেষ পর্যন্ত সেই পরীক্ষা-নিরীক্ষার চরম মাশুল দিতে হয়েছে তাঁর দলকে।