১০ জনের রিয়ালকে হারিয়ে আতলেতিকোর ডার্বি জয়

পেনাল্টি থেকে গোল করলেন আলেহান্দ্রো গ্রিমালদো, এগিয়ে গেল আতলেতিকো।রয়টার্স

ছুটতে থাকা বার্সেলোনাকে নাগালের মধ্যে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে।

এই সত্যটা রিয়াল মাদ্রিদ জানত, জানত আতলেতিকো মাদ্রিদও। সেটা জেনেই আজ মেত্রোপলিতানোতে মুখোমুখি হয়েছিল দুই দল। এল দেরবি মাদ্রিলেনো, ২৪৪তম অধ্যায়।

সেই অধ্যায়ের শেষটা লেখা হলো আতলেতিকোর ২-১ গোলে জয়ে। তাতে লা লিগার পয়েন্ট তালিকায়ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে দুই নম্বরে চলে এলো দিয়েগো সিমিওনের দল। ৭টি করে ম্যাচ শেষে আপাতত দুই নম্বরে থাকা আতলেতিকোর পয়েন্ট ১৬, তিনে থাকা রিয়াল মাদ্রিদের ১৫। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

আরও পড়ুন

ম্যাচের প্রথমার্ধটা যেন দাবার মতো খেলল দুই দল। ধীরস্থির, হিসেবি, সাবধানী। প্রথম ৩০ মিনিটে তেমন কোনো ঘটনা নেই। তারপর হঠাৎ ঝলক। লি-এর ক্রস ঠেকাতে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ডাইভ দিতে হলো। একটু পর হানকোর শট ব্লক করলেন ইব্রাহিমা কোনাতে। পাল্টা আক্রমণে দূর থেকে আরদা গুলেরের শট ঠেলে দিলেন ইয়ান ওবলাক।

জোনাথন ডেভিডের গোল, আতলেতিকো এগিয়ে গেল ২-০ ব্যবধানে।
এএফপি

গোল আসছিল না, কিন্তু উত্তাপ বাড়ছিল ধীরে ধীরে। এর মধ্যেই বেঞ্চ থেকে আতলেতিকোর কোচ সিমিওনে রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ডে নাম তুললেন। রোমেরোর সঙ্গে জুড বেলিংহামের সংঘর্ষে একবার লাল কার্ডের গন্ধও পেয়েছিল ম্যাচ। ভিএআরের পর রেহাই। তখনও বোঝা যায়নি, আসল ঝড়টা বাকি।

দ্বিতীয়ার্ধ শুরু। আর ৫০ মিনিটেই ম্যাচ ঘুরে গেল। বক্সের ভেতর জুলিয়ানো সিমিওনেকে ফেলে দিলেন ডিন হাউসেন। রেফারি পেনাল্টি দিলেন, হলুদ কার্ডও। কিন্তু ভিএআরে দেখে সিদ্ধান্ত বদলে গেল, লাল কার্ড। পেনাল্টি থেকে গোল করলেন আলেহান্দ্রো গ্রিমালদো। কোর্তোয়া দিক বুঝেছিলেন, কিন্তু থামাতে পারেননি। ১-০।

১০ জনের রিয়াল তখনও সামলে উঠতে পারেনি। ৫৯ মিনিটে এল দ্বিতীয় ধাক্কা। জুলিয়ানো সিমিওনের নিচু ক্রসে একেবারে ফাঁকা পোস্টে ঠেলে দিলেন জোনাথন ডেভিড। ২-০।

ম্যাচ তখন আতলেতিকোর মুঠোয়। মরিনিও বদল আনলেন। ভিনিসিয়ুস জুনিয়র আর গুলেরকে তুলে নিলেন। নামালেন রুডিগারকে। কিন্তু ১০ জনের দল নিয়ে ম্যাচে ফেরার রাস্তা তখন প্রায় বন্ধ। ৭৬ মিনিটে একবার সুযোগ পেয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রি-কিক ভেসে এল বক্সে। সহজেই ধরে ফেললেন ওবলাক। রিয়ালের রাতটা যেন সেখানেই লেখা হয়ে গেল।

ব্যবধান কমালেও রিয়াল সমতা ফেরাতে পারেনি ম্যাচে।
রয়টার্স

কিন্তু ফুটবল গল্প বদলাতে ভালোবাসে। ৮৯ মিনিটে হঠাৎ আলো দেখল রিয়াল। বের্নার্দো সিলভার ফ্রি-কিক থেকে হেডে গোল করলেন আন্তোনিও রুডিগার। ২-১। মেত্রোপলিতানোর গর্জন এক মুহূর্তের জন্য থমকে গেল।

শেষ মিনিটগুলোতে রিয়াল মরিয়া আক্রমণ করেছে, সবকিছু দিয়েই চেষ্টা করেছে। কিন্তু বদলায়নি ম্যাচের ফল।

আরও পড়ুন