সিলেট পর্বের জমজমাট উদ্বোধন, ঢাকার টিকিট পেতে ৬ দলের লড়াই শুরু

সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের খেলাআনিস মাহমুদ

সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের খেলা। দুই দিনের এই আঞ্চলিক প্রতিযোগিতার আজ প্রথম দিন। এই অঞ্চল থেকে ঢাকার চূড়ান্ত পর্বের টিকিট পেতে লড়ছে ছয়টি দল।

দলগুলো হলো ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি (মৌলভীবাজার), রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি (সিলেট), সিটি তৃণমূল ফুটবল একাডেমি (সিলেট), হিমু ফুটবল একাডেমি (সিলেট), সুগন্ধা ফুটবল একাডেমি (সিলেট) এবং সিএসএ ফুটবল একাডেমি (মৌলভীবাজার)।

রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চল থেকে এরই মধ্যে ঢাকায় এ মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া চূড়ান্ত পর্বের টিকিট পেয়ে গেছে চারটি দল। সিলেট অঞ্চল থেকে আগামীকাল ফাইনালে জয়ী দলটি ঢাকার চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। সব মিলিয়ে আগামীকাল পর্যন্ত পাঁচটি দল চূড়ান্ত হবে।

সকালে উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক, টুর্নামেন্ট কমিটির সদস্য ও প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম সবাইকে স্বাগত জানান।

অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা নূর হোসেন, প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র
আনিস মাহমুদ

অনুষ্ঠানে অতিথি ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা নূর হোসেন, প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, প্রথম আলোর সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ এবং স্টার নিউজের সিলেট ব্যুরো প্রধান ইয়াহ্ইয়া মারুফ। এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি ও সিলেট অঞ্চলের খেলার ম্যাচ কমিশনার ইলিয়াছ ফুলু।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘আজকের এই ফুটবল খেলাকে শুধু খেলার দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, বিশেষ করে নারীদের ফুটবল, এটি নারী জাগরণের একটি মাধ্যম। এক সময় ভাবাই যেত না যে নারীরা ফুটবল খেলবে, কিন্তু আজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃতি পাওয়া যাচ্ছে নারী ফুটবলে। এটি নারীদের আত্মসম্মান, ক্ষমতায়ন, অধিকার ও আত্মবিশ্বাস প্রতিষ্ঠার মাধ্যম। এই উদ্যোগে নারীদের বিকাশ আরও গতিশীল হবে।’

প্রথম ম্যাচে খেলছে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি, মৌলভীবাজার ও রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি, সিলেট
আনিস মাহমুদ

প্রথম আলো ও স্টার নিউজের এই আয়োজন দেশের নারীদের এগিয়ে নিতে ভূমিকা রাখবে মনে করেন সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা নূর হোসেন। তিনি বলেন, ‘সিলেটে পুরুষ ফুটবলাররা জাতীয় ও বয়সভিত্তিক পর্যায়ে সফল হলেও নারীরা পিছিয়ে ছিল। এই আয়োজনের মাধ্যমে উদীয়মান নারী ফুটবলাররা পারফরম্যান্স প্রদর্শনের সুযোগ পাবে এবং বিজয়ী দল ঢাকায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে।’

টুর্নামেন্ট কমিটির সদস্য ও প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বলেন, ‘প্রথম আলো সামাজিক দায়বদ্ধতা থেকে পত্রিকা প্রকাশের বাইরে নানা উদ্যোগ নেয়। এই টুর্নামেন্ট শুধুমাত্র ফুটবল খেলা নয়, বাংলাদেশের প্রতিটি মেয়ের এগিয়ে যাওয়ার প্রতীক। প্রথম আলো ও স্টার নিউজ যৌথভাবে এই টুর্নামেন্টটি আয়োজিত করছে এবং এটি দেশের অন্যতম বড় একাডেমি ভিত্তিক টুর্নামেন্ট হিসেবে গড়ে উঠবে। সিলেট ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহায়তার জন্য বিশেষভাবে ধন্যবাদ।’

জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও টুর্নামেন্টের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সিলেট পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়
আনিস মাহমুদ

বক্তব্য পর্ব শেষে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও টুর্নামেন্টের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে সিলেট পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সিলেট পর্বের প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যার প্রথমটিতে মুখোমুখি হয়েছে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি, মৌলভীবাজার ও রাগীব রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি, সিলেট। বেলা তিনটায় দ্বিতীয় ম্যাচে সিলেট সুগন্ধা ফুটবল একাডেমির প্রতিপক্ষ মৌলভীবাজারের সিএসএ ফুটবল একাডেমি।

আরও পড়ুন