ইয়ামালের দুর্দান্ত হ্যাটট্রিক, রিয়ালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল বার্সেলোনা

গোলের পর ইয়ামালের উদযাপন। তাঁর প্রথম লা লিগা হ্যাটট্রিকে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল।এএফপি

টানা দুই হার কাটার মতো বিঁধেছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা দুই জয়—বার্সেলোনা যেন আবারও তাদের পুরোনো ছন্দে ফেরার গান গাইছে। স্পটিফাই ক্যাম্প ন্যু আজ আরও একবার দেখল লামিনে ইয়ামালের জাদু।  ১৮ বছরের এই বার্সা ফরোয়ার্ডের প্রথম লা লিগা হ্যাটট্রিকে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচের শুরুটা অবশ্য ছিল বার্সার জন্য কিছুটা হতাশাজনক। প্রথম আধঘণ্টায় সুযোগ এসেছিল একাধিক। ফেরান তোরেস কিংবা জুলস কুন্দে—কেউই ঠিকঠাক নিশানা খুঁজে পাচ্ছিলেন না। গ্যালারিতে তখন চাপা উৎকণ্ঠা। সেই উৎকণ্ঠা মুক্তির আনন্দে রূপ নিল ২৮ মিনিটে। ভিয়ারিয়াল মিডফিল্ডার পাপে গেয়ের এক শিশুতোষ ভুল, বল পেলেন ফেরমিন লোপেজ। তাঁর বাড়ানো পাস থেকে জাল খুঁজে নিতে ভুল করেননি ইয়ামাল।

ফেরমিন লোপেজের সঙ্গে ইয়ামালের গোল উদযাপন
এএফপি

১০ মিনিট পরই এল সেই মুহূর্ত, যা ক্যাম্প ন্যুর দর্শকদের চোখে লেগে থাকবে অনেক দিন। ডান প্রান্ত থেকে বল নিয়ে ভেতরে ঢুকলেন ইয়ামাল, দুই ডিফেন্ডারকে ড্রিবলিংয়ের মায়াজালে নাচিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে বল পাঠালেন দূরের পোস্টে। ভিয়ারিয়াল গোলরক্ষক লুইস জুনিয়র কেবল দর্শক হয়ে দেখলেন। প্রথমার্ধেই ২-০ তে এগিয়ে গেল স্বাগতিকেরা।

বিরতির ঠিক পরেই অবশ্য একটু নাটকীয়তা। কর্নার ক্লিয়ার করতে গিয়ে বার্সা রক্ষণের তালগোল পাকানোর সুযোগ নিয়ে পাপে গেয়ে ব্যবধান কমান। কিন্তু সেই আনন্দ ভিয়ারিয়ালের জন্য বেশিক্ষণ স্থায়ী হতে দেননি ইয়ামাল। পেদ্রির বাড়ানো থ্রু বল ধরে লুইস জুনিয়রকে ফাঁকি দিয়ে পাঠালেন জালে, হয়ে গেল ইয়ামালের ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।

যোগ করা সময়ে কুন্দের পাস থেকে রবার্ট লেভানডভস্কি যখন স্রেফ টোকা দিয়ে চতুর্থ গোলটি করলেন, তখন ক্যাম্প ন্যুয়ের গ্যালারিতে উৎসব শুরু হয়ে গেছে।

এই জয়ে ২৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান শক্ত করল বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা আপাতত ৪ পয়েন্টে এগিয়ে। রিয়াল মাদ্রিদ আগামী সোমবার খেলবে হেতাফের বিপক্ষে। অন্যদিকে হারলেও ৫১ পয়েন্ট নিয়ে ভিয়ারিয়াল তিনে, তবে আতলেতিকো মাদ্রিদ যদি আজ রাতে জেতে, তবে ইয়েলো সাবমেরিনদের নেমে যেতে হবে চারে।