কাউকে ভয় পেতে আসিনি—আসিয়ান কাপের প্রতিপক্ষ নিয়ে হামজা

ইংল্যান্ড থেকে ইন্দোনেশিয়ায় গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরীবাফুফে

প্রথমবারের মতো আয়োজিত ফিফা আসিয়ান কাপ খেলতে বাংলাদেশ ফুটবল দল এখন ইন্দোনেশিয়ার জাকার্তায়। সোমবার সেখানে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। তাঁর এই অন্তর্ভুক্তি দলের আবহে নিয়ে এসেছে নতুন প্রাণচাঞ্চল্য আর আত্মবিশ্বাস।

আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সংবাদমাধ্যমে হামজা চৌধুরীর একটি ভিডিও বার্তা পাঠিয়েছে। সেখানে টুর্নামেন্ট নিয়ে নিজের রোমাঞ্চ, স্বাগতিক ইন্দোনেশিয়া দল এবং তাদের ২৩ বছর বয়সী সেন্টারব্যাক ব্রিটিশ-ইন্দোনেশিয়ান এলকান ব্যাগটকে নিয়েও কথা বলেছেন তিনি।

বাংলাদেশ দলের হয়ে মাঠে নামার আগে হামজা চৌধুরী বলেন, ‘আমরা খুবই রোমাঞ্চিত এবং এই টুর্নামেন্টে এসে সম্মানিত বোধ করছি। আমাদের জন্য এটি স্পষ্টতই একটি বড় সুযোগ, কারণ আমরা আমাদের চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি। আমাদের লক্ষ্য যতটা সম্ভব বেশি পয়েন্ট তুলে নেওয়া।’

টুর্নামেন্টে বাংলাদেশ মাথা উঁচু করে খেলতে চায় জানিয়ে হামজার সংযোজন, ‘আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি, আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু। তবে ইনশা আল্লাহ, এটি আমাদের জন্য একটি শেখার প্রক্রিয়া এবং আমরা এখান থেকে যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জন করতে এসেছি। আশা করি, আমরা আমাদের দেশকে গর্বিত করতে পারব।’

টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে আগামীকাল। হংকংয়ে ডিভিশন–২–এর উদ্বোধনী দিনে লাওস–ব্রুনাই আর মিয়ানমার–তিমুর লেস্তে মুখোমুখি হবে। ডিভিশন–১–এ শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষ ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। মাঠে নামতে মুখিয়ে আছেন জানিয়ে হামজা বলেছেন, ‘দেখা যাক আমাদের পারফরম্যান্স কেমন হয়।’

প্রতিপক্ষ ইন্দোনেশিয়াকে নিয়ে তাঁর কথা, ‘তারা স্পষ্টতই র‍্যাঙ্কিংয়ে বেশ ভালো অবস্থানে আছে। তাদের দলে অত্যন্ত ভালো মানের খেলোয়াড় এবং একজন খুব ভালো হেড কোচ রয়েছেন। বিশেষ করে, আগামী বিশ্বকাপ বাছাইপর্বে তারা যদি একদম প্রথম সারিতে থাকে, তবে আমি অবাক হব না।’

অনুশীলনে হামজা চৌধুরী
বাফুফে

ইন্দোনেশিয়ার তরুণ ডিফেন্ডার এলকান ব্যাগট খেলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল মিলওয়ালে। তাঁকে নিয়ে হামজা বলেছেন, ‘বিমানের ফ্লাইটে তাঁকে দেখেছি। আমার মনে হয়, তিনি স্পষ্টতই একজন খুব ভালো খেলোয়াড়, এখনো বেশ তরুণ। মিলওয়াল একটি চমৎকার দল, তাই এই টুর্নামেন্টে এবং অবশ্যই লিগেও তাঁর বিপক্ষে খেলার জন্য আমি মুখিয়ে আছি।’

টুর্নামেন্টের মূল ভেন্যু জাকার্তার গেলোরা বুং কামো স্টেডিয়াম আজ পর্যন্ত যাওয়া হয়নি বাংলাদেশ দলের। মাঠটা দেখতে উন্মুখ হামজা, ‘স্টেডিয়ামটি আমাদের এখনো দেখা হয়নি। ইনশা আল্লাহ আগামীকাল আমরা স্টেডিয়ামটি দেখব। তবে হ্যাঁ, সবকিছুই খুব ভালো, আমাদের অভিযোগ করার মতো কিছুই নেই। হোটেল অসাধারণ, সবাই ভীষণ বন্ধুত্বপূর্ণ। আমরা বেশ উপভোগ করছি।’

২৮ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে টমাস ডুলির দল। হামজা ও ব্যাগটের মধ্যে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দ্বৈরথ এবার দেখা যাবে জাকার্তায়।

আরও পড়ুন