বিশ্বকাপে ইরান-যুক্তরাষ্ট্রের দেখা হতে পারে কবে
মাঠের খেলায় বরাবরই উত্তাপ ছড়িয়েছে ভূরাজনীতি। এবারের বিশ্বকাপ শুরুর ঠিক আগে, চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর দুই দেশের সম্পর্ক এখন খাদের কিনারে।
এমন সময় অনেকে মেলাচ্ছিলেন এক নতুন সমীকরণ, বিশ্বকাপের নকআউট পর্বে কি মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে ইরান ও যুক্তরাষ্ট্রের, দুই ম্যাচ শেষে সেই সমীকরণের অবস্থা কী?
বিশ্বকাপের আগে থেকেই ইরানকে দেশে ভিড়তে দিতে চাইছিল না যুক্তরাষ্ট্র। কিন্তু ফিফার নির্দেশনা অনুযায়ী বিশ্বকাপের তিনটি ম্যাচই ইরান খেলছে যুক্তরাষ্ট্রে। খেলার অনুমতি থাকলেও থাকার অনুমতি নেই। ফলে ম্যাচ শেষ করেই উড়াল দিতে হচ্ছে মেক্সিকোতে, যেখানে বিশ্বকাপের জন্য ঘাঁটি গড়েছে তারা।
গ্রুপ পর্বের দুই ম্যাচ শেষে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে হাতে পেয়ে গেছে নকআউট পর্বের টিকিট। দুই ম্যাচের দুটিতে জিতে ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় পর্বের টিকিট কেটেছে তারা।
শুধু তা–ই নয়, হেড-টু-হেডে এগিয়ে থাকায় ‘ডি’ গ্রুপের শীর্ষে থেকেই গ্রুপ পর্ব শেষ করবে তারা। অন্যদিকে দুই ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে ইরান আছে গ্রুপ ‘জি’-এর দ্বিতীয় অবস্থানে। তাদের শেষ ম্যাচ শীর্ষে থাকা মিসরের বিপক্ষে।
তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা এখনো টিকে আছে। তবে শেষ ৩২-এ নয়, বরং শেষ ১৬-তে। গ্রুপ ‘ডি’ থেকে যুক্তরাষ্ট্র প্রথম হওয়ার শেষ ৩২-এ মুখোমুখি হওয়ার সম্ভাবনা শেষ হয়ে গেছে। যে কারণে মুখোমুখি হতে হলে দুই দলকেই গ্রুপ পর্ব পার করতে হবে শীর্ষে থেকে। ইতিমধ্যে সেই জায়গায় টিক মার্ক দিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। শীর্ষে থেকেই গ্রুপ ‘ডি’ থেকে পরবর্তী পর্বে যাচ্ছে তারা। শেষ ৩২-এ তারা মুখোমুখি হবে বি, ই, এফ, আই, কিংবা জে গ্রুপের তৃতীয় দলের সঙ্গে।
অন্যদিকে ইরান যদি প্রথম হয়ে শেষ ৩২-এ উঠতে পারে, তবে তারা শেষ ৩২-এ মুখোমুখি হবে গ্রুপ এ, ই, এইচ, আই অথবা জে গ্রুপের তৃতীয় দলের সঙ্গে। তবে সে জন্য মিসরের বিপক্ষে ম্যাচটি জিততেই হবে তাদের। তবেই শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করবে তারা।
দুই দলই যদি নিজেদের শেষ ৩২-এর ম্যাচ জিততে পারে, তবেই শেষ ষোলোতে দেখা হবে দুই দলের। ৭ জুলাই সকাল ৬টায় সিয়াটলে দেখা যাবে ইরান আর যুক্তরাষ্ট্রের লড়াই।
ভূরাজনীতিতে দা-কুমড়া সম্পর্ক থাকা ইরান-যুক্তরাষ্ট্র মাঠে মুখোমুখি হলে কী হয়, সেটাই এখন দেখার বিষয়। তবে এর আগে বেশ কয়েকটি যদি-কিন্তু পার হতে হবে দুই দেশকেই। দেখা যাক, সেটা দুই দল পার হতে পারে কি না?