যেকোনো মূল্যে জুভেন্টাসের দুরবস্থা দূর করতে চান অ্যালেগ্রি
৯ ম্যাচে ৩ জয়, ৪ ড্র ও ২ হার নিয়ে পয়েন্ট তালিকার ৮ নম্বরে আছে জুভেন্টাস। সর্বশেষ গতকাল রাতে এসি মিলানের কাছে জুভদের হার ২-০ গোলে। জুভেন্টাসের এমন অবস্থা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। দ্রুত ভাগ্য বদলাতে না পারলে শিরোপা পুনরুদ্ধার দূরে থাক, চ্যাম্পিয়নস লিগ খেলার দৌড় থেকে ছিটকে পড়ার শঙ্কাও তৈরি হবে। এসি মিলানের কাছে হেরে যাওয়ার পর তাই অ্যালেগ্রি বলেছেন, যেকোনো মূল্যে দলের ভাগ্য পরিবর্তন করতে চান।
টানা ৯ মৌসুম ইতালির সর্বোচ্চ লিগে রাজত্ব করেছে জুভেন্টাস। এই সময়ে নিজেদের ধারেকাছেও কাউকে ঘেঁষতে দেয়নি ‘তুরিনের বুড়ি’রা। একটা পর্যায়ে মনে হচ্ছিল, এই জুভেন্টাস আর কখনো লিগ হারবে না। তবে নিজেদের সেরা সময় পেছনে ফেলে এখন সংগ্রাম করছে ক্লাবটি।
দুই মৌসুম আগে চূড়া থেকে পড়তে শুরু করে তুরিনের এই ঐতিহ্যবাহী ক্লাবটি। ২০২০-২১ মৌসুমে প্রথমবার ইন্টার মিলানের কাছে এবং ২০২১-২২ মৌসুমে এসি মিলানের কাছে শিরোপা হারায় তারা। আর গত মৌসুমে শিরোপা জিতেছে এসি মিলান। এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে নেমে ধুঁকছে জুভেন্টাস। দ্রুত ছন্দে ফিরতে না পারলে সামনে যে কঠিন বিপদ অপেক্ষা করছে, তা অজানা নয় কোচ অ্যালেগ্রির।
জুভ কোচ বলেছেন, ‘কোনো না কোনোভাবে আমাদের এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। যেভাবেই হোক না কেন, বের হতেই হবে। এটা ভালো খেলা কিংবা খারাপ খেলার ব্যাপার নয়, এটা হচ্ছে প্রতিক্রিয়া দেখানো এবং ট্যাকল জেতার ব্যাপার।’
পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তা বুঝতে পারছেন অ্যালেগ্রিও। এভাবে চলতে থাকলে যেকোনো মুহূর্তে হারাতে পারেন চাকরিও। দ্রুত তাই সব সমস্যার সমাধান করতে চান তিনি। ইতালিয়ান এই কোচ বলেছেন, ‘আমাদের দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। কারণ, মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, এরপর ডার্বিও অপেক্ষা করছে। মৌসুমটা ঠিকভাবে কাটানোর সময় এখনো আছে। আমাদের এটা ঠিক করতে হবে এবং আমরা তা করব।’
মিলানের বিপক্ষে হেরে যাওয়ার কারণ হিসেবে নিজেদের ভঙ্গুর মনস্তত্ত্বকে কাঠগড়ায় তুলেছেন অ্যালেগ্রি। নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশ এই কোচ আরও যোগ করে বলেছেন, ‘প্রথম ২৫ মিনিট দল ভালো খেলেছে। তবে মিলান অসাধারণ একটি ম্যাচ কাটিয়েছে। মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা ভেঙে পড়েছি; কারণ, আমরা অনেকগুলো ভুল করেছি। সেখান থেকে আমাদের শুরু করতে হবে।’