নকআউটে সুইসদের টানা চার, কানাডা প্রথমবার
সুইজারল্যান্ড ২–১ কানাডা
বসনিয়া ও হার্জেগোভিনা ৩–১ কাতার
নানা হিসাব–নিকাশের দুটি ম্যাচ এক সময়ে শুরু হলে রোমাঞ্চের সঙ্গে বিপত্তিতেও পড়েন দর্শকেরা। কোনটা রেখে কোনটা দেখবেন!
ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ড–কানাডা এবং সিয়াটলে বসনিয়া ও হার্জেগোভিনা–কাতার ম্যাচ নিয়ে এমন পরিস্থিতিতে পড়েন দর্শকেরা। ‘বি’ গ্রুপে বিশ্বকাপে নকআউটে ওঠার সমীকরণ মেলাতে দুটি ম্যাচই ছিল গুরুত্বপূর্ণ। তবে শেষ বাঁশি বাজার পর সবকিছুর নিষ্পত্তি হয়ে গেছে।
স্বাগতিক কানাডাকে ২–১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের নকআউটে (শেষ ৩২ দলের রাউন্ড) উঠেছে সুইসরা। কাতারকে ৩–১ গোলে হারিয়েও বসনিয়াকে থাকতে হচ্ছে অপেক্ষায়। কানাডার সঙ্গে গোল ব্যবধানে পিছিয়ে ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছে বলকান অঞ্চলের দেশটি। গ্রুপের তৃতীয় সেরা দল হিসেবে বিশ্বকাপের নকআউটে ওঠার আশা টিকে আছে বসনিয়ার।
‘বি’ গ্রুপে সব দলের তিনটি করে ম্যাচ শেষে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে সুইজারল্যান্ড। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ কানাডা প্রথমবারের মতো উঠল বিশ্বকাপের নকআউট পর্বে। বসনিয়ার সংগ্রহও কানাডার সমান ৪ পয়েন্ট। তবে কানাডার (৫) সঙ্গে গোল ব্যবধানে পিছিয়ে তৃতীয় বসনিয়া (–১)। ১ পয়েন্ট পাওয়া কাতার বিদায় নিল গ্রুপ পর্ব থেকে।
আগামী ৩ জুলাই ভ্যাঙ্কুভারে বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ডের ম্যাচে ‘ই’, ‘এফ’, ‘জি’, ‘এইচ’, ‘আই’ অথবা ‘জে’ গ্রুপে তৃতীয় হওয়া দলগুলোর যেকোনো একটির মুখোমুখি হবে সুইজারল্যান্ড।
গ্রুপে চ্যাম্পিয়ন হতে না পারায় কানাডাকে এখন ঘরের বাইরে বিশ্বকাপের ম্যাচ খেলতে হবে। শেষ ৩২ দলের রাউন্ডের ম্যাচে ২৮ জুন ক্যালিফোর্নিয়ায় ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে কানাডা।
বসনিয়ার শেষ ৩২ দলের রাউন্ডে সরাসরি জায়গা করে নেওয়ার সুযোগ হাতছাড়া হলেও সেরা আটটি তৃতীয় স্থান অধিকার করা দলের একটি হয়ে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ রয়েছে।
ভ্যাঙ্কুভারে প্রথমার্ধ গোলশূন্য ছিল। বিরতির পর সুইসদের হয়ে ৪৬ মিনিটে রুবেন ভারগাস ও ৫৪ মিনিটে ইয়োহান মানজাম্বি গোল করেন। স্বাগতিকদের ফরোয়ার্ড প্রমিজ ডেভিড ৭৬ মিনিটে একটি গোল শোধ করেন। ব্রাজিল, আর্জেন্টিনা ও ফ্রান্সের পর চতুর্থ দেশ হিসেবে সর্বশেষ চারটি বিশ্বকাপেরই নকআউটে উঠল সুইসরা।
সিয়াটলের ম্যাচটি ভ্যাঙ্কুভারের চেয়ে বেশি উপভোগ্য হয়েছে। প্রথমার্ধ শেষেই ২–১ গোলে এগিয়ে ছিল বসনিয়া। তাদের হয়ে ২৯ মিনিটে গোল করেন কেরিম আলাইবেগোভিচ। ৩৪ মিনিটে কাতারের গোলকিপার মাহমুদ আবুনাদা আত্মঘাতী গোল করায় ব্যবধান দাঁড়ায় ২–০। কাতারের ফরোয়ার্ড হাসান আল–হেইদোস ৪২ মিনিটে একটি গোল শোধ করেন। ৮০ মিনিটে বদলি নামা এরমিন মাহমিচ বসনিয়াকে তৃতীয় গোলটি এনে দেন। দুই দলই একাধিকবার পোস্টে বল মেরেছে।