নেইমারকে কতক্ষণ খেলানো হবে, আনচেলত্তি কী বললেন

ব্রাজিলের অনুশীলনে নেইমাররয়টার্স

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন নেইমার—এমন ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে এক মাসের বেশি সময় ধরে যিনি মাঠের বাইরে, প্রায় তিন বছর ধরে যিনি জাতীয় দলের হয়ে নামেননি, তাঁকে প্রথম দিন কতক্ষণের জন্য খেলাবেন ব্রাজিল কোচ?

‘সি’ গ্রুপে দুই ম্যাচ শেষে শীর্ষে আছে ব্রাজিল। নকআউট নিশ্চিত না হলেও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তুলনামূলক স্বস্তিতেই নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতেই তাই দর্শকের আগ্রহের কেন্দ্রে থাকবে নেইমারের ফেরাটাই।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্টির কথাই শুনিয়েছেন আনচেলত্তি, ‘নেইমার প্রস্তুত। সে এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে, ম্যাচের জন্যও ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। আমরা সবাই খুব খুশি। তার গুণগত মান দলকে অনেক কিছু দিতে পারে।’

নেইমার গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় সর্বশেষ চোটে পড়েন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের ম্যাচে চোটে পড়ার পর আর জাতীয় দলে ফিরতে পারেননি। এখন চোট কাটিয়ে ফেরা ব্রাজিলের ১০ নম্বরকে কতক্ষণ খেলানো হবে, এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি আনচেলত্তি।

সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি
এএফপি

যদিও আনচেলত্তির কথায় স্পষ্ট, শারীরিকভাবে পুরো ম্যাচ খেলার অবস্থায় আছেন নেইমার, ‘সে ৯০ মিনিটও খেলতে পারে। ভালো অবস্থায় আছে, খুব কঠোর পরিশ্রম করেছে। অনুশীলনও ভালো হয়েছে। তাকে নিয়ে আমি খুবই খুশি।’

বাংলাদেশ সময় আগামীকাল ভোর চারটায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। সেই ম্যাচেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নেইমার ফিরছেন ব্রাজিলের জার্সিতে।

আরও পড়ুন