মার মার কাট কাট মেজাজে ছিল লিভারপুল। বোর্নমাউথের বিপক্ষে আগের ম্যাচেই জিতেছে ৯-০ গোলে। তাতে চাকরি যায় দলটির কোচ স্কট পার্কারের। কিন্তু আজ সেই লিভারপুলকেই দেখা গেল, একটা গোলের জন্য হন্যে হয়ে ছুটতে!
প্রতিপক্ষ বোর্নমাউথের চেয়ে শক্তিশালী নিউক্যাসল ইউনাইটেড। তাই বলে নির্ধারিত সময় পর্যন্ত ১-১ গোলে সমতায় থাকতে হবে, লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ নিশ্চয়ই ভাবেননি। শেষ পর্যন্ত বদলি হয়ে নামা পর্তুগিজ উইঙ্গার ফাবিও কারভালহো যোগ করা সময়ের ৮ মিনিটে গোল করায় ২-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে লিভারপুল।
৩৮ মিনিটে নিউক্যাসলকে এগিয়ে দেন সুইডিশ তারকা আলেক্সান্দার আইজ্যাক। ৬ কোটি পাউন্ডে তাঁকে রিয়াল সোসিয়েদাদ থেকে কিনেছে নিউক্যাসল। ম্যাচের কয়েক ঘন্টা আগে ভিসা নিশ্চিত হওয়ায় অভিষেকের সুযোগ পেয়ে যান আইজ্যাক। গোল করে সুযোগটা কাজেও লাগান দারুণভাবে। অফসাইড না হলে গোল পেতে পারতেন আরও একটি।
লিভারপুলকে ৬১ মিনিটে সমতায় ফেরান ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো। মোহাম্মদ সালাহর পাস থেকে গোলটি করেন।
মঙ্গলবার ২০তম জন্মদিন পালন করা কারভালহো এখন প্রিমিয়ার লিগের ম্যাচে ন্যূনতম ৯০ মিনিটে গোল করা লিভারপুলের সর্বকণিষ্ঠ খেলো্য়াড়। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে লিভারপুল।