প্রতিপক্ষ ট্যাকল করলেই ভিনিসিয়ুস কাঁদে, বলেছেন জার্মান কিংবদন্তি ম্যাথাউস
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের বহুল প্রতীক্ষিত লড়াইয়ের আগে নতুন করে উত্তাপ ছড়িয়েছেন বায়ার্ন ও জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস। ম্যাচের আগের দিন ভিনিসিয়ুস জুনিয়র ও রিয়াল মাদ্রিদের সমালোচনা করেছেন বিশ্বকাপজয়ী সাবেক এই ফুটবলার।
১৯৯০ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছেন ম্যাথাউস। একই বছর জিতেছিলেন ব্যালন ডি’অরও। কিংবদন্তি এই ফুটবলার বায়ার্নের হয়ে দুই মেয়াদে খেলে জিতেছেন ৬টি লিগ শিরোপাও। সম্প্রতি এক আলাপে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার দাবি করেছেন, ভিনিসিয়ুস সব সময় প্রতিপক্ষকে উসকানি দেন এবং কান্নাকাটি করেন।
আর রিয়ালের বিরুদ্ধে তিনি এনেছেন প্রতিপক্ষকে অসম্মান করার অভিযোগ। স্কাই স্পোর্টসকে ম্যাথাউস বলেন, ‘ভিনিসিয়ুস নিঃসন্দেহে দারুণ এক খেলোয়াড়, কিন্তু সে সব সময়ই প্রতিপক্ষকে উসকানি দেয়। কেউ তাকে ঠিকঠাক ট্যাকল করলেই সে অভিযোগ করতে শুরু করে, কাঁদে।’
রিয়ালের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন ৬৫ বছর বয়সী ম্যাথাউস। তাঁর মতে, ২০২৪ সালের ব্যালন ডি’অরে রদ্রি সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর অনুষ্ঠানে অংশ না নেওয়ার মাধ্যমে ক্লাবটি অসম্মানজনক আচরণ করেছে।
প্রতিপক্ষ দল ও খেলোয়াড়দের সম্মান দেখানো উচিত ছিল উল্লেখ করে ম্যাথাউস বলেন, ‘রদ্রিকে বেছে নেওয়া হলো, আর তারা বলল, “এটা অন্যায়। আমাদের কারও জেতা উচিত ছিল। চলুন অনুষ্ঠানটি বর্জন করি।” কিন্তু এটা ঠিক নয়। প্রতিপক্ষ, অন্য দল ও অন্য খেলোয়াড়দের প্রতি সম্মান দেখানোর বিষয় আছে।’
জার্মান কিংবদন্তি এর আগেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কড়া সমালোচনা করেছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে ফিফা বর্ষসেরা খেলোয়াড় হওয়ার পরপরই ভিনিসিয়ুসের আচরণ নিয়ে হতাশা প্রকাশ করেন ম্যাথাউস এবং তাঁকে তাঁর স্বদেশি নেইমারের সঙ্গে নেতিবাচকভাবে তুলনা করেন।
জার্মান সংবাদপত্র বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাথাউস বলেছিলেন, ‘আমার কাছে সে নতুন নেইমার। সে অসাধারণ প্রতিভাবান, কিন্তু নেইমারের মতোই অস্থির স্বভাবের। দর্শকদের উসকে দেয়, প্রতিপক্ষের সঙ্গে ঝামেলায় জড়ায়, অঙ্গভঙ্গিতে উসকানি দেয়। তার ফিনিশিং, গতি—সবই বিশ্বমানের, কিন্তু আচরণে সে ভুল পথে আছে। নেইমারই তার জন্য ভুল উদাহরণ।’
সান্তিয়াগো বার্নাব্যুতে আজ রাতে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে রিয়ালের মুখোমুখি হবে বায়ার্ন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।